Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

পদের লোভ দেখিয়ে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ: বিএনপি নেতাকে অব্যাহতি

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৬, ১২:২২ এএম

পদের লোভ দেখিয়ে টাকা ও খাসি নেওয়ার অভিযোগ: বিএনপি নেতাকে অব্যাহতি

বিজ্ঞাপন

দলীয় পদ পাইয়ে দেওয়ার কথা বলে আর্থিক ও উপহার সুবিধা নেওয়ার অভিযোগ ওঠায় কুমিল্লার মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়ক রমিজ উদ্দিন লন্ডনীকে পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) দিবাগত রাতে কুমিল্লা উত্তর জেলা বিএনপির পক্ষ থেকে তাকে এ অব্যাহতির কথা জানিয়ে একটি চিঠি পাঠানো হয়।

কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আবুল হাশেমের সই করা চিঠিতে বলা হয়, বিভিন্ন কমিটিতে পদ পাইয়ে দেওয়ার কথা বলে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে আর্থিক সুবিধা নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ নিয়ে বিভিন্ন জাতীয় দৈনিক ও অনলাইন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হওয়ায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

এমন পরিস্থিতিতে গঠনতন্ত্র অনুযায়ী রমিজ উদ্দিন লন্ডনীকে মেঘনা উপজেলা বিএনপির আহ্বায়কের পদ থেকে সাময়িকভাবে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে তাঁর অব্যাহতিকালীন মেঘনা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক আব্দুল অদুদ মুন্সীকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব পালনের অনুরোধ করা হয়েছে চিঠিতে।

চিঠির অনুলিপি বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেনের কাছেও পাঠানো হয়েছে।

দলীয় একাধিক সূত্রে জানা যায়, এর আগে পদ পাইয়ে দেওয়ার কথা বলে এক বিএনপি নেতার কাছ থেকে এক লাখ টাকা ও তিনটি খাসি নেওয়ার অভিযোগ ওঠে রমিজ উদ্দিন লন্ডনীর বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি অডিও ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে দলীয় নেতা-কর্মীসহ স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

অভিযোগের বিষয়ে জানতে রমিজ উদ্দিন লন্ডনীর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার