বিজ্ঞাপন
তেলের দাম নিয়ে ফেসবুকে মন্তব্য, বিএনপি নেতা বহিষ্কার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম
বিজ্ঞাপন
সামাজিক যোগাযোগমাধ্যমে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ নিয়ে সরকারবিরোধী পোস্ট ও মন্তব্য এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বাগেরহাট পৌর বিএনপির ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক শাহরিয়ার কবির রুবেলকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
গত বুধবার বাগেরহাট পৌর বিএনপির দলীয় প্যাডে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিভিন্ন পোস্ট ও মন্তব্যের মাধ্যমে শাহরিয়ার কবির রুবেল দলীয় শৃঙ্খলা ও আদর্শের পরিপন্থী কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে দলীয় নেতৃত্ব মনে করছে। এতে দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলেও উল্লেখ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, তাঁর এসব কর্মকাণ্ডের বিষয়ে তাঁকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। তবে নির্ধারিত সময়ের মধ্যে তিনি নোটিশের জবাব দেননি বলে উল্লেখ করা হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়।
দলীয় বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সরকারের কোনো কর্মকাণ্ড নিয়ে আপত্তি কিংবা জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়ে মতামত থাকলে তা দলীয় ফোরামে আলোচনার সুযোগ রয়েছে। কিন্তু সেই প্রক্রিয়া অনুসরণ না করে সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করাকে দলীয় শৃঙ্খলাবিরোধী হিসেবে বিবেচনা করা হয়েছে।
বাগেরহাট পৌর বিএনপির সভাপতি শেখ শাহেদ আলি রবি ও সাধারণ সম্পাদক সৈয়দ ওবায়েদুল ইসলাম জুয়েলের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে শাহরিয়ার কবির রুবেলকে ৮ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক পদসহ দলের সব পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়।