Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ: আব্দুল কাদের

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ০২:০৩ এএম

শিবিরের গুপ্ত রাজনীতির বলি হয়েছিল আবরার ফাহাদ: আব্দুল কাদের

বিজ্ঞাপন

ইসলামী ছাত্রশিবিরের সঙ্গে ছাত্রলীগের মিশে থাকা কিছু ব্যক্তি শিক্ষার্থীদের ওপর নির্যাতন-নিপীড়নে সহযোগী ছিলেন বলে অভিযোগ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। একই সঙ্গে তিনি- শিবিরের ‘গুপ্ত রাজনীতি’র কারণে সাধারণ শিক্ষার্থীদের একটি অংশকে শিবিরের তকমা দিয়ে নির্যাতনের শিকার হতে হয়েছে বলেও মন্তব্য করেন।

বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব দাবি করেন।

পোস্টে আব্দুল কাদির- শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ওঠা ব্যক্তিদের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি আবরার ফাহাদের হত্যাকাণ্ডের প্রসঙ্গও তুলে ধরেন।

আব্দুল কাদের লেখেন, “শিবিরের যারা ছাত্রলীগের সাথে মিশে ছাত্রলীগের অপকর্মের সহযোগী ছিল, শিক্ষার্থীদেরকে অমানবিক নির্যাতন নিপীড়নের সাথে জড়িত ছিল, সেসবের জন্য কি শিবির ক্ষমা চাইবে না?”

আবরার ফাহাদের ওপর নির্যাতনের প্রসঙ্গ তুলে তিনি লেখেন, ‘আপনারা জানেন, আবরার ফাহাদের উপর প্রথম নির্যাতনটা শুরু করে মেহেদী হাসান রবিন, যার পুরা পরিবার জামাত শিবিরের রাজনীতির সাথে জড়িত, দাদা ছিলেন স্থানীয় নির্বাচনে জামাতের প্রার্থী!’

তবে রবিনের শিবিরের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে নিজের বক্তব্যে নিশ্চিত তথ্য উপস্থাপন না করে আব্দুল কাদের বলেন, ‘খোঁজ নিলে হয়তো জানা যাবে, জামাত পরিবারের এই রবিনও শিবিরের সাথী পর্যায়ের কেউ ছিলেন।’

পোস্টে শিবিরের প্রকাশ্য কমিটি না রেখে ‘সাধারণ শিক্ষার্থীর ব্যানারে’ রাজনীতি করার অভিযোগও তোলেন তিনি। আব্দুল কাদেরের ভাষায়, ‘আবার দেখেন, সাধারণ শিক্ষার্থীর ব্যানারে শিবির গুপ্ত রাজনীতি করার কৌশল অবলম্বন করেছিল। এতে শিবির লাভবান হইছে; কিন্তু ক্ষতিগ্রস্ত হইছে শিক্ষার্থীরা।’

তিনি আরও লেখেন, “শিবিরের প্রকাশ্য কমিটি না থাকায় ছাত্রলীগ ভিন্নমতাবলম্বী যারেতারে শিবির ট্যাগ দিয়ে নির্যাতন নিপীড়ন করতো।”

এই ধারাবাহিকতায় আবরার ফাহাদকেও শিবিরের তকমা দেওয়ার কারণে নির্যাতনের শিকার হতে হয়েছিল বলে দাবি করেন আব্দুল কাদের। তিনি লেখেন, “শিবিরের এই গুপ্ত রাজনীতির বলি হয়েছিল স্বয়ং আবরার ফাহাদ, জীবনটাই চলে গেলো!”

শুধু আবরার ফাহাদ নয়, আরও অনেক শিক্ষার্থী শিবিরের তকমা পেয়ে নির্যাতন, নিপীড়ন ও বঞ্চনার শিকার হয়েছেন বলেও অভিযোগ করেন তিনি। আব্দুল কাদের বলেন, “আরো কত নিরপরাধ শিক্ষার্থী যে শিবির ট্যাগ খেয়ে নির্যাতন-নিপীড়ন আর বঞ্চনার শিকার হয়েছিল, সেটা বলার অপেক্ষা রাখে না।”

বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতেও শিবিরের বিরুদ্ধে একই ধরনের রাজনীতির অভিযোগ তুলে পোস্টের শেষাংশে আব্দুল কাদের লেখেন, “এতোকিছুর পরেও শিবির তাদের স্বার্থে এখনো গুপ্ত রাজনীতি-ই করে যাচ্ছে। অভ্যুত্থান পরবর্তীতে যেটা নতুন ধারার রাজনীতি বিনির্মাণে সবচেয়ে বড় প্রতিবন্ধকতা হিসেবে কাজ করতেছে।”

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার