বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রীর নামে ভুয়া উক্তি প্রকাশ করলেন রুমিন ফারহানা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পিএম
বিজ্ঞাপন
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের নামে ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য রুমিন ফারহানার ভেরিফাইড ফেসবুকে পেইজ থেকে একটি ভুয়া ফটোকার্ড পোস্ট করা হয়েছে। ফটোকার্ডটিতে দাবি করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘বিএনপিকে কেউ চাঁদাবাজ বললে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
কার্ডটি শেয়ার করে রুমিন ফারহানা লিখেছেন, ‘একটি দলের ৯৯ দশমিক ৯৯ শতাংশ চাঁদাবাজ হলেই কি তাকে চাঁদাবাজ দল বলা যায় নাকি? কখনোই না।’
এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রসংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহর আইডিতেও ফটোকার্ডটি পোস্ট করে লেখা হয়েছে, ‘সালাউদ্দিন ভাই কঠিন নছিহত করেছেন। আপনারা সালাউদ্দিন ভাইয়ের কথার উপর আমল করিবেন।’
তবে ফ্যাক্টচেক ভিত্তিক একটি গণমাধ্যমের যাচাইয়ে দেখা গেছে কার্ডের মন্তব্যটি সত্য নয়। এর পরিবর্তে ‘বিএনপিকে কেউ উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বললে তার বিচার করবে জনগণ’-স্বরাষ্ট্রমন্ত্রীর এমন একটি বক্তব্য পাওয়া গেছে।
এ বিষয়ে রুমিন ফারহানা গণমাধ্যমকে বলেন, ‘এটি আমার পেইজ। আমি ফেসবুকে পেয়ে পোস্ট করেছি। এখন ওরা চাইলে মামলা করুক।’
এদিকে এই ভুয়া ফটোকার্ডটির মূল উৎস যমুনা টিভির অনুকরণ করে তৈরি ‘আশার আলো’ নামে একটি ফেসবুক পেজ। পেজটিতে বিভিন্ন রাজনৈতিক ও ধর্মীয় ব্যক্তিত্বের নামে ভুয়া উক্তি সম্বলিত ফটোকার্ড পোস্ট করতে দেখা যায়। উক্ত পেইজ ছাড়া আর কোনো সংবাদমাধ্যম কিংবা বিশ্বস্ত সূত্রে স্বরাষ্ট্রমন্ত্রীর এরকম কোনো বক্তব্য খুঁজে পাওয়া যায়নি।
গত ৩০ সেপ্টেম্বর সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বয় সভা শেষে এক ব্রিফিংয়ে রাজধানীর ইসিবি চত্বরের দক্ষিণ মানিকদীতে নিউগিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে অবৈধভাবে প্রবেশ করে ভাঙচুর, মারধর ও লুটপাটের ঘটনার প্রসঙ্গ তুলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এখানে কোন চাঁদাবাজির ঘটনা ছিল না তিনি (সালমান মুক্তাদির) নিজেই বলেছেন। তার কাছে চাঁদা চাননি তিনি নিজেই বলেছেন। তার পরক্ষণেই তিনি বলেছেন বিএনপি চাঁদাবাজ। বিএনপিকে উদ্দেশ্যমূলকভাবে চাঁদাবাজ বলার জন্য কেউ যদি বক্তব্য দিয়ে থাকে সেটা বিচার করবে জনগণ।’