বিজ্ঞাপন
বিএনপি-জামায়াতের উত্তেজনা, দুই পক্ষকে থামাতে গিয়ে আহত ওসি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৩৮ এএম
বিজ্ঞাপন
কুষ্টিয়ার মিরপুরে বিএনপি ও জামায়াতের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সময় দুই পক্ষকে থামাতে গিয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম আহত হয়েছেন। পরে তাকে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
শনিবার (০৩ অক্টোবর) বিকেলে উপজেলার ছাতিয়ান ইউনিয়নের আজুতলা এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার এশার নামাজের পর স্থানীয় একটি মসজিদে জামায়াতের নেতাকর্মীরা রাজনৈতিক আলোচনা করেছেন-এমন অভিযোগ তোলে বিএনপির নেতাকর্মীরা। এ ঘটনাকে কেন্দ্র করে শনিবার বিকেলে একই সময়ে এলাকায় পৃথক প্রতিবাদ সমাবেশের ঘোষণা দেয় দুই পক্ষ। পরে পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী জামায়াতের নেতাকর্মীরা আজুতলা এলাকায় সমাবেশ করেন।
সমাবেশ শেষ হওয়ার দিকে সেখানে বিএনপির নেতাকর্মীরা জড়ো হলে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। একপর্যায়ে দুই পক্ষের নেতাকর্মীরা পরস্পরের দিকে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ঘটনাস্থলে যায় পুলিশ। এসময় মিরপুর থানার ওসি শহিদুল ইসলামসহ প্রায় ৩০ থেকে ৪০ জন পুলিশ সদস্য সেখানে উপস্থিত ছিলেন। দুই পক্ষকে সরিয়ে দেওয়ার চেষ্টা করার সময় ওসি শহিদুল ইসলাম হাতে আঘাত পান। এতে তার ব্যবহৃত মোবাইল ফোন ও হাতঘড়িও ভেঙে যায়।
পরে পুলিশ সদস্যরা তাকে উদ্ধার করে মিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা দেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম বলেন, হালকা লেগেছিল। প্রাথমিক চিকিৎসা নিয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ওই এলাকায় পুলিশের টহলও জোরদার করা হয়েছে।
এ ঘটনায় বিএনপি ও জামায়াতের স্থানীয় নেতাদের বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানা গেছে।