বিজ্ঞাপন
নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে দেখতে গিয়ে গ্রেপ্তার বাবা, দুজনই কারাগারে
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৬, ১০:৫৪ এএম
বিজ্ঞাপন
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় আটক নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা সাব্বির আহমদকে (২১) থানায় দেখতে গিয়ে তার বাবা আব্দুল মান্নান (৫৮) আটক হয়েছেন। পরে শুক্রবার (২ অক্টোবর) বিকেলে নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বাবা-ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে সোনাইমুড়ী বাজার থেকে সাব্বির আহমদকে আটক করে পুলিশ। স্থানীয়ভাবে জানা গেছে, তিনি চাষিরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক ছিলেন। তার বাবা আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
স্থানীয়দের দাবি, সাব্বিরকে আটকের খবর পেয়ে তাকে দেখতে থানায় যান তার বাবা আব্দুল মান্নান। সেখানে পুলিশ তাকেও আটক করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন পোস্টে দাবি করা হয়েছে, সাব্বিরকে শুধু ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেয়া হচ্ছে এবং বাবা-ছেলের বিরুদ্ধে আগে কোনো মামলা ছিল না।
সোনাইমুড়ীর বাসিন্দা রাসেল মাহমুদ বলেন, সাব্বিরকে দেখতে থানায় যাওয়ার পর তার বাবাকেও গ্রেপ্তার দেখানো হয়েছে। আব্দুল মান্নানের বিরুদ্ধে কোনো মামলায় আসামি হওয়ার তথ্য না থাকলেও তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি জানাজানি হওয়ার পর এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।
এ বিষয়ে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন বলেন, আব্দুল মান্নান চাষিরহাট ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি থানার সামনে ঘোরাঘুরি করলে তাকে আইনের আওতায় আনতে হয়। বাবা-ছেলেকে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে। পরে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।