বিজ্ঞাপন
হান্নান মাসউদের স্ত্রীর ফেসবুক স্ট্যাটাস ঘিরে বিএনপির বিক্ষোভ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ০২ অক্টোবর ২০২৬, ০১:০৬ পিএম
বিজ্ঞাপন
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনীকে ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তেজনা দেখা দিয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার দেয়া একটি পোস্টকে কেন্দ্র করে বিএনপির নেতাকর্মী ও নিঝুমদ্বীপের স্থানীয় বাসিন্দারা প্রতিবাদ ও বিক্ষোভ করেছেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) রাতে হাতিয়ার নিঝুমদ্বীপ ইউনিয়নের বন্দরটিলা বাজারে বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভকারীদের অভিযোগ, শ্যামলী সুলতানা জেদনী তার ফেসবুক পোস্টে নিঝুমদ্বীপের মানুষকে ‘কুত্তা পাখি, ছাগল পাখি, গরু পাখি’ বলে আখ্যায়িত করেছেন। এ ধরনের বক্তব্যে নিঝুমদ্বীপবাসীকে অপমান করা হয়েছে দাবি করে তারা এর প্রতিবাদ জানান।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, নিঝুমদ্বীপে এসে তিনি যেভাবে মানুষকে প্রাণির সঙ্গে তুলনা করেছেন, আমরা তার তীব্র নিন্দা জানাই। তার এমন স্ট্যাটাস আমরা ঘৃণাভরে প্রত্যাখ্যান করছি।
বক্তারা আরও বলেন, মানুষের মর্যাদা ও সম্মান নিয়ে কটূক্তি কোনোভাবেই কাম্য নয়। মতপ্রকাশের অধিকার সবার রয়েছে, তবে সেই অধিকার প্রয়োগ করতে গিয়ে কোনো ব্যক্তি বা জনগোষ্ঠীর সম্মানহানি করা উচিত নয়।
বিক্ষোভকারীরা বলেন, শ্যামলী সুলতানা জেদনীর বক্তব্যের প্রতিবাদে নিঝুমদ্বীপের সাধারণ মানুষ ঐক্যবদ্ধভাবে রাস্তায় নেমেছেন। তারা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন।
এ সময় সাবেক নিঝুমদ্বীপ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেন বলেন, নিঝুমদ্বীপের মানুষকে নিয়ে এ ধরনের মন্তব্য অত্যন্ত দুঃখজনক। একজন জনপ্রতিনিধির পরিবারের সদস্যের কাছ থেকে আমরা এমন বক্তব্য প্রত্যাশা করি না। আমরা এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাই।
সাবেক ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. শাহেদ উদ্দিন বলেন, নিঝুমদ্বীপের মানুষকে কোনোভাবেই অপমান করা মেনে নেয়া হবে না। সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া ওই বক্তব্যের প্রতিবাদে সাধারণ মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে।
আরেক বিএনপি নেতা মো. ইব্রাহিম পার্টি বলেন, মতপ্রকাশের স্বাধীনতা থাকলেও তা যেন অন্যের সম্মান ও মর্যাদায় আঘাত না করে। তারা সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে ভবিষ্যতে এ ধরনের মন্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানান।
তবে শ্যামলী সুলতানা জেদনীর ওই ফেসবুক পোস্ট ডিলিট করে দিয়েছেন। এ বিষয়ে কোনো ব্যাখ্যা বা মন্তব্য করেননি।
হাতিয়া থানার ওসি কবির হোসেন বলেন, নিঝুমদ্বীপে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে৷ তারা শান্তিপূর্ণ ভাবে কর্মসূচি শেষ করেছে।