Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

দিল্লির একটি ভবনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৭ এএম

দিল্লির একটি ভবনে আওয়ামী লীগ নেতাদের সঙ্গে শেখ হাসিনার বৈঠক

বিজ্ঞাপন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের কেন্দ্রীয় ২১ নেতা দিল্লীতে সরাসরি বৈঠক করেছেন। শুক্রবার রাতে এ বৈঠক হয় বলে দলটির একাধিক নেতা জানিয়েছেন।

রাত নয়টার দিকে বৈঠকটি শুরু হয়। এর আগে নেতারা আলাদা আলাদা গাড়িতে প্রায় একই সময়ে ক্রিম রঙের তিনতলা একটি ভবনে পৌঁছান। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি ও সম্পাদকমণ্ডলীর কয়েকজন নেতা বিভিন্ন দেশ থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে যুক্ত হন। বর্তমানে কেন্দ্রীয় কমিটিতে নেই, তবে ভবিষ্যতে দলের কেন্দ্রীয় নেতৃত্বে আসতে পারেন এমন কয়েকজনও দিল্লিতে বৈঠকে অংশ নেন।

আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের একাধিক সদস্য বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায় এ বৈঠক অনুষ্ঠিত হলো। ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। ওই দিন বোন শেখ রেহানাকে সঙ্গে নিয়ে বাংলাদেশ ছেড়ে ভারতে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

দলীয় সূত্র জানায়, আগামী ডিসেম্বরে দেশে ফিরে আইনি প্রক্রিয়ার মুখোমুখি হওয়ার যে পরিকল্পনার কথা শেখ হাসিনা জানিয়েছেন, তাকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্গঠনের বিষয়টি বৈঠকের আলোচনায় গুরুত্ব পাওয়ার কথা। শেখ হাসিনা এর আগে বলেছিলেন, তিনি ও দলের অন্য জ্যেষ্ঠ নেতারা দেশে ফিরে আদালতে হাজির হতে চান।

শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলের সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনার বিষয়টিও বৈঠকে আলোচনার কথা রয়েছে। পুতুল সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালকের পদ থেকে পদত্যাগ করেছেন।

দলীয় সূত্র বলছে, তাঁকে আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতৃত্বে আনার বিষয়টিও বৈঠকে বিবেচনা করা হতে পারে।

বৈঠক সূত্রের তথ্য অনুযায়ী, পুতুল ছাড়াও চট্টগ্রাম ও বরিশাল বিভাগের আরো দুজন নেতাকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা নিয়েও আলোচনা হওয়ার কথা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার