Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী, জামায়াতপ্রার্থী চূড়ান্ত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৮ এএম

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির ৩ মনোনয়নপ্রত্যাশী, জামায়াতপ্রার্থী চূড়ান্ত

বিজ্ঞাপন

ঠাকুরগাঁও সদর, ভুল্লী ও রুহিয়া উপজেলা নিয়ে গঠিত ঠাকুরগাঁও-১ আসন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ আসন থেকে জয়ী হন। এরপর তিনি রাষ্ট্রপতি হওয়ার আগে এই আসন ছেড়ে দিলে আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

পরে গত ১০ সেপ্টেম্বর এই আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন। তারপর থেকেই আসনটিতে শুরু হয়েছে নির্বাচনী আবহ। এরই মধ্যে জামায়াতের চূড়ান্ত প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলাওয়ার হোসেনকে।

অন্যদিকে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ফরম জমা দিয়েছেন রাষ্ট্রপতির ছোট ভাই ও ঠাকুরগাঁও জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, জেলা বিএনপির সহসভাপতি ওবায়দুল্লাহ মাসুদ এবং সুলতানুল ফেরদৌস চৌধুরী (নম্র)। এখন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের শীর্ষ নেতৃবৃন্দ।

বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতারা এনপিবিকে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় দলের যে কেউ মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারেন। তবে দল কাকে মনোনয়ন দেবে, সেটি দলের সিদ্ধান্ত। দল যাকেই মনোনয়ন দেবে, আমরা তার পক্ষেই কাজ করব। তবে দলের পক্ষ থেকে জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীনকে মনোনয়ন দেওয়ার জন্য আমরা রেজুলেশন জমা দিয়েছি কেন্দ্রে।

এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসনে বর্তমান রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে জয়ী হয়েছিলেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতের দেলাওয়ার হোসেন। তিনি পেয়েছিলেন প্রায় ১ লাখ ৪১ হাজার ভোট।

সে হিসাব মিলিয়ে বলা যায়, এই আসনে বিএনপির যেই প্রার্থীই আসুক, তাঁর জন্য ভোটের মাঠ অতটা সহজ হবে না। তবে এই আসনের হিন্দু ভোটের সংখ্যা অনেক বেশি। তাই তাদের মন জুগিয়ে যে নিজেদের বাক্সে ভোট টানতে পারবে নির্বাচিত হওয়া তার জন্য ততই সহজ হবে।

এই আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১১ হাজার ৬২৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৫০ হাজার ৫৩ জন, নারী ভোটার ২ লাখ ৫৬ হাজার ৫৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ৪ জন। আর মোট ভোটকেন্দ্রের সংখ্যা ১৮৫টি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার