বিজ্ঞাপন
জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে: ছাত্রশিবির সভাপতি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ৩১ আগস্ট ২০২৬, ০৯:১১ এএম
বিজ্ঞাপন
জনতার গণভোটের গণরায় মেনে জুলাই সনদ পরিপূর্ণভাবে বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম সাদ্দাম। তিনি বলেন, দাঁড়ি, কমা ও সেমিকোলনসহ জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
রোববার (৩০ আগস্ট) রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাকা মহানগর পূর্ব শাখার উদ্যোগে আয়োজিত এ প্লাস সংবর্ধনা ২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও উৎসাহ দিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নূরুল ইসলাম সাদ্দাম বলেন, গুমসংক্রান্ত নীতিমালা বাতিল করে বর্তমান সরকার গুমের সঙ্গে জড়িত ব্যক্তিদের পুরস্কৃত করার চেষ্টায় নিয়োজিত রয়েছে। অবিলম্বে অন্তর্বর্তী সরকারের প্রণীত গুমসংক্রান্ত নীতিমালা আইনে বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে গুম খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, নিজেদের ক্যারিয়ারকে আগামী দিনে জাতির কল্যাণে কাজে লাগাতে হবে। শুধু মেধাবী হলেই হবে না, ব্যক্তিজীবনে সৎ হতে হবে। দেশপ্রেমকে বুকে ধারণ করে আগামী বাংলাদেশকে ইনসাফের বাংলাদেশে পরিণত করতে শিক্ষার্থীদের ভূমিকা রাখতে হবে।
তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিজেদের দক্ষ ও গুণগত মানসম্পন্ন মানবসম্পদ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ পাওয়া কৃতি শিক্ষার্থীদের সম্মাননা দেওয়া হয়। বক্তারা মেধা, নৈতিকতা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের গড়ে তুলে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক সাইদুল ইসলাম, কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক ও ডাকসু ছাত্র পরিবহন সম্পাদক আসিফ আবদুল্লাহসহ ঢাকা মহানগর পূর্ব শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, শিক্ষার্থী, অভিভাবক ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি ইমদাদুল হক মিয়াজি।