Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

কড়া নিরাপত্তার মাঝেই সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ আগস্ট ২০২৬, ১০:১১ পিএম

কড়া নিরাপত্তার মাঝেই সাভারে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল

বিজ্ঞাপন

একদিকে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও নবগঠিত মন্ত্রিপরিষ সদস্যদের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি চলছিল। ঠিক সেই মুহূর্তে ঢাকা-আরিচা মহাসড়কে কড়া নিরাপত্তা বলয়ের মাঝে দিনে-দুপুরে বাস থামিয়ে প্রকাশ্যে ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ। তবে মহাসড়কে প্রকাশ্যে এ মিছিল হলেও পুলিশ পুরো ঘটনাটি অস্বীকার করেছে।

শনিবার (২২ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সাভারমুখী লেনে জোরপুল দরবার শরীফ সংলগ্ন ‘সুন্দরী ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস’-এর সামনে এ ঘটনা ঘটে।

জানা যায়, সাভারমুখী লেনে পরপর তিনটি বাস দাঁড় করিয়ে প্রথমে কয়েকজন ও পরবর্তীতে ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী সড়ক অবরুদ্ধ করে এ মিছিল শুরু করেন। ‘প্রত্যাবর্তন ২.০’ ব্যানারে আয়োজিত এই মিছিলে সাভার ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম রুবেলের অনুসারীদের অংশ নিতে দেখা যায়। রুবেল সাভার উপজেলার সাবেক চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের অনুসারী হিসেবে পরিচিত। এ সময় মিছিলকারীরা শেখ হাসিনার ছবি সংবলিত ব্যানার ও কাঠের লাঠি হাতে মহাসড়কে অবস্থান নিয়ে বিভিন্ন সরকারবিরোধী স্লোগান দেন। এরপর মিছিলটি মাত্র ৫০০ মিটারের মতো এগিয়ে অতি দ্রুত সটকে পড়ে।

ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জোরপুল এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানদার ও ওয়ার্কশপ কর্মী জানান, জোহরের আজানের কিছুক্ষণ আগে হঠাৎ তিনটি গাড়ি এসে থামে। গাড়ি থেকে ব্যানার ও লাঠি হাতে নেমে তারা দ্রুত মিছিল শুরু করে। মিছিল নিয়ে কিছুদূর গিয়েই তারা ছত্রভঙ্গ হয়ে যায়। তারা বাসে এসেছিল এবং যাওয়ার সময় অধিকাংশ বাসে করেই চলে যায়। মিছিলের কারণে পেছনে থাকা যানবাহন আটকে মহাসড়কে সাময়িক যানজটেরও সৃষ্টি হয়।

তবে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও পুলিশ পুরো ঘটনাটি অস্বীকার করছে। এ বিষয়ে সাভার মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম বিষয়টিকে ‘ফেক নিউজ’ দাবি করে বলেন, খবর পেয়ে আমি নিজে সরজমিনে জোরপুল এলাকায় গিয়েছিলাম। গিয়ে দেখেছি সবকিছু স্বাভাবিক ছিল, এমন কোনো ঘটনা ঘটেনি। প্রচারিত ফুটেজটি অন্য কোনো সময়ের হতে পারে।

অন্যদিকে ট্যানারী ফাঁড়ির ইনচার্জ মহিদুল ইসলাম দাবি করেন, আজ সারাদিন বিকেল তিনটা পর্যন্ত ভিআইপি নিরাপত্তার কারণে আমরা মেইন রোডেই ডিউটিতে ছিলাম। আমাদের এলাকায় এমন কোনো মিছিলের খবর জানা নেই।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার