বিজ্ঞাপন
হামলাকারীদের পরিচয় দিলেন আমির হামজা, করবেন হত্যামামলা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৬, ০১:৩৭ এএম
বিজ্ঞাপন
কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা তার গাড়িতে হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করার ঘোষণা দিয়েছেন। তিনি অভিযোগ করেছেন, তাকে হত্যার উদ্দেশ্যেই হামলা চালানো হয়েছিল। এ ঘটনায় তার সঙ্গে থাকা ছয়জন কর্মী আহত হয়েছেন বলেও জানান তিনি।
শনিবার (১৫ আগস্ট) দিবাগত রাতে নিজের ফেসবুকে দেওয়া এক ভিডিও বার্তায় এসব কথা বলেন মুফতি আমির হামজা।
হামলার ঘটনায় গণঅধিকার পরিষদের সেক্রেটারি আবদুল খালেক, তৌকির ও জহুরুল নামে একজনকে দায়ী করে তাদের নাম উল্লেখ করে মামলা করবেন বলে জানান তিনি। আমির হামজা বলেন, ‘আমি আসলে সবাইকে চিনি না। যাদের চিনি, তাদের নাম মেনশন করে হত্যা মামলা দেব।’
ভিডিও বার্তায় তিনি বলেন, শনিবার দিনভর কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়, হরিনারায়ণপুরসহ আশপাশের কয়েকটি এলাকায় সফর করে মানুষের খোঁজখবর নিয়েছেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেখান থেকে ফেরার পথে ছয় রাস্তার মোড়ে এসে জানতে পারেন, গণঅধিকার পরিষদের কিছু লোক সেখানে মিছিল করছে। তারা তাকে গালিগালাজ ও উসকানিমূলক কথা বলছিল বলেও অভিযোগ করেন তিনি।
আমির হামজা বলেন, ‘আমি তখন নিকটস্থ থানায় গিয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে আসি। আমার গাড়ির সামনে-পেছনে পুলিশ থাকা সত্ত্বেও তারা আমার ওপর হামলা করে এবং গাড়ির কাঁচ ভেঙে দেয়।’
এ সময় পুলিশ বাহিনীর ভূমিকা নিয়েও অভিযোগ করেন তিনি। তার দাবি, হামলার সময় পুলিশ নীরব ভূমিকা পালন করেছে।
আমির হামজা আরও বলেন, ‘এসব কারা করছে, তাদের আমরা চিনি, জানি। কারা দেশকে অস্থিতিশীল করতে চান, আমরা সে তথ্য জানি। আমরা যারা ইসলামী রাজনীতি করি, প্রাণের ভয় ছেড়েই করি। সুতরাং আমাদের হামলা-মামলার ভয় দেখিয়ে লাভ নেই।’
তিনি হামলাকারীদের উদ্দেশে বলেন, ‘আপনি আদর্শের মোকাবেলা আদর্শ দিয়ে করেন। না করতে পারলে রাজনীতি ছেড়ে দেন।’