Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

বহিষ্কার হলেন তিন ছাত্রদল কর্মী

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৬, ০২:৪৬ পিএম

বহিষ্কার হলেন তিন ছাত্রদল কর্মী

বিজ্ঞাপন

নাটোরের লালপুরে বিক্ষোভ মিছিল চলাকালে দুই সাংবাদিককে লাঞ্ছিতের ঘটনায় তিন কর্মীকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, লালপুর উপজেলা শাখা।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে লালপুর উপজেলা ছাত্রদলের পক্ষ থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন- মো. জাহিদ হোসেন (৩২), মো. শফিকুল ইসলাম শফিক (৩৫) ও মো. মামুন আলী (২৫)।

লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট ও যুগ্ম আহ্বায়ক মো. আবু রায়হান স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ আগস্ট লালপুর উপজেলা পরিষদ চত্বরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল চলাকালে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজীবুল হৃদয় ও মানবজমিনের লালপুর উপজেলা প্রতিনিধি মো. রাশেদুল ইসলামকে লাঞ্ছিত করা হয়। এ ঘটনায় তিন কর্মীর সম্পৃক্ততার অভিযোগ প্রমাণিত হওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে। বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, দলীয় শৃঙ্খলা, ভাবমূর্তি ও সাংগঠনিক স্বার্থের পরিপন্থী কোনো কর্মকাণ্ড বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কখনো মেনে নেবে না।

ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য দলের সব পর্যায়ের নেতাকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে। লালপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. রায়হান কবির সুইট বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। তারা পেশাগত দায়িত্ব পালন করবেন, এটি তাদের অধিকার। সাংবাদিক লাঞ্ছনার মতো কোনো কর্মকাণ্ড ছাত্রদলের সাংগঠনিক নীতি ও আদর্শের সঙ্গে যায় না।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় সাংগঠনিকভাবে তাদের বহিষ্কার করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে কেউ কোনো কর্মকাণ্ড করলে ভবিষ্যতেও তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

উল্লেখ্য, গত ১২ আগস্ট ফ্যামিলি কার্ড জরিপের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগের ফলাফল প্রকাশকে কেন্দ্র করে লালপুর উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ ও উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় বিক্ষোভকারীদের সঙ্গে সাংবাদিকদের বাকবিতণ্ডার একপর্যায়ে এনটিভি অনলাইনের প্রতিনিধি সজীবুল হৃদয় ও দৈনিক মানবজমিনের প্রতিনিধি রাশেদুল ইসলাম লাঞ্ছিত হওয়ার অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এর চার দিন পর ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে উপজেলা ছাত্রদলের তিন কর্মীকে বহিষ্কারের ঘোষণা দেওয়া হলো।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার