বিজ্ঞাপন
বিএনপিতে বড় রদবদল, ফখরুলের ৪ পদে আলোচনায় চার নেতা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ০৪:৪৯ এএম
বিজ্ঞাপন
মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি পদে দলীয় মনোনয়ন দেওয়ার পর বিএনপি ও সরকারের মধ্যে নতুন রাজনৈতিক সমীকরণ তৈরি হচ্ছে। রাষ্ট্রপতি পদে নির্বাচনের পর দলের মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রীসহ চারটি গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আসতে পারে।
মির্জা ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপির মহাসচিব, স্থানীয় কমিটির সদস্য, স্থানীয় সরকারমন্ত্রী এবং সংসদ সদস্য পদে শূন্যতা তৈরি হবে। এসব পদে নতুন করে দায়িত্ব বণ্টনের প্রস্তুতি নিচ্ছে দলটি।
দলীয় সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে নির্বাচনের পরপরই এসব পদে নতুন দায়িত্ব বণ্টনের ঘোষণা আসতে পারে। সম্ভাব্য নতুন সমীকরণে এসব পদে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী, সিনিয়র যুগ্ম মহাসচিব হিসেবে হাবিব-উন-নবী খান সোহেল, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির নাম আলোচনায় রয়েছে।
তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে আপাতত কোনো মন্ত্রী না-ও দেওয়া হতে পারে।
মহাসচিব যিনি হবেন তাকে স্থানীয় সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব দেওয়া হতে পারে। আজ বৃহস্পতিবার বিএনপির স্থায়ী কমিটি ও মহাসচিব পদ থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দুপুরে দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রাষ্ট্রপতি পদে মনোনয়ন পাওয়ায় দলের স্থায়ী কমিটি ও মহাসচিব মির্জা ফখরুল পদত্যাগ করেছেন।
মির্জা ফখরুলের পদত্যাগের পরই সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনায় সামনে আসে দলের পরবর্তী মহাসচিব পদে কাকে দায়িত্ব দেওয়া হচ্ছে। মহাসচিব পদে দায়িত্ব পেতে পারেন স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তবে দলীয় কাঠামোতে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর নাম সবচেয়ে বেশি আলোচনায়। তাকে পূর্ণাঙ্গ মহাসচিব নাকি ভারপ্রাপ্ত মহাসচিব করা হবে এ নিয়েও আছে আলোচনা।
উল্লেখ্য, মির্জা ফখরুল ২০১১ সালে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হন।
এরপর ২০১৬ সালে দলের জাতীয় কাউন্সিলে আনুষ্ঠানিকভাবে মহাসচিব নিযুক্ত হন।
এ ছাড়া রিজভী মহাসচিব হলে সিনিয়র যুগ্ম মহাসচিব পদে কে আসছেন—এই ইস্যুটিও সামনে আসে। দলের উচ্চ পর্যায়ের একটি সূত্র জানায়, ২০ আগস্টের পর দলের মহাসচিব এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে কারা আসছেন তা পরিষ্কার হয়ে যেতে পারে। তার আগেও হতে পরে। যেহেতু মহাসচিব পদ থেকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর পদত্যাগ করেছেন।
দলের একটি সূত্র বলছে, সংসদে প্রধানমন্ত্রীর পাশে এত দিন বসতেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার অবর্তমানে সংসদে অভিজ্ঞ নেতৃত্বের ভূমিকায় থাকাদের মধ্যে অন্যতম হচ্ছেন সালাহউদ্দিন আহমদ। সংসদ উপনেতার পদে সালাহউদ্দিন আহমদের নাম আলোচনায় এসেছে।
মির্জা ফখরুল সরকারের স্থানীয় সরকারমন্ত্রীর পদও ছাড়বেন শিগগিরই। এদিকে রিজভী আহমেদ দলের ভারপ্রাপ্ত মহাসচিব হলে তিনি প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টার পাশাপাশি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা হতে পারেন। সরকারের মন্ত্রিসভার এক প্রভাবশালী সদস্য বিষয়টি নিশ্চিত করেছেন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মহাসচিব পদে দায়িত্ব নিয়ে জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘এটার জন্য অপেক্ষা করেন, পরে শুনবেন।’