Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

লাল টেলিফোনে হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৬, ০৩:৩৬ পিএম

লাল টেলিফোনে হাসিনার কল রেকর্ড শুনলেন প্রধানমন্ত্রী

বিজ্ঞাপন

রাজধানীর শেরেবাংলা নগরে প্রতিষ্ঠিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধনের পর জাদুঘরের বিভিন্ন গ্যালারি ও প্রদর্শনী পরিদর্শন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি জাদুঘরে সংরক্ষিত একটি লাল টেলিফোনে রেকর্ডকৃত শেখ হাসিনার কলের অডিও শোনেন।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় ফলক উন্মোচনের মাধ্যমে ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন তিনি। পরে আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি ঘুরে দেখেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানকে কেন্দ্র করে সংরক্ষিত আলোকচিত্র, ঐতিহাসিক দলিল, স্মারক এবং ঘটনাপ্রবাহভিত্তিক বিভিন্ন প্রদর্শনী পর্যবেক্ষণ করেন। জাদুঘরের এক পর্যায়ে তিনি প্রদর্শনীতে রাখা একটি লাল টেলিফোনের মাধ্যমে শেখ হাসিনার সংরক্ষিত কল রেকর্ডও শোনেন।


জাদুঘরের বিভিন্ন গ্যালারিতে জুলাই গণঅভ্যুত্থানের বিভিন্ন পর্যায়, আন্দোলনের প্রেক্ষাপট, আত্মত্যাগ এবং গণঅভ্যুত্থানের নানা দিক তুলে ধরা হয়েছে। এসব প্রদর্শনী ঘুরে দেখে প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সরকারের মন্ত্রী, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা, জুলাই গণঅভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, সংগ্রাম ও আত্মত্যাগের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরার লক্ষ্যেই জাদুঘরটি প্রতিষ্ঠা করা হয়েছে। উদ্বোধনের দিনটি বিশেষ অতিথি ও শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে জাদুঘরটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার