Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

লতিফ সিদ্দিকীকে গ্রেফতার একটি ষড়যন্ত্র: কাদের সিদ্দিকী

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৬, ১১:১৭ পিএম

লতিফ সিদ্দিকীকে গ্রেফতার একটি ষড়যন্ত্র: কাদের সিদ্দিকী

বিজ্ঞাপন

বঙ্গবীর আবদুল কাদের সিদ্দিকী বলেছেন, লতিফ সিদ্দিকীকে হেফাজতে ইসলামের মামলায় গ্রেফতার করা একটি সুদূরপ্রসারী ষড়যন্ত্র। সরকারকে ‘নাস্তানাবুদ’ করে তোলার জন্য এটি করা হয়েছে বলে মনে করেন তিনি। 

শুক্রবার (৩১ জুলাই) বিকালে জাতীয় প্রেস ক্লাবে গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নূরুর রহমান সেলিমের প্রয়াণে আয়োজিত শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

সরকার প্রধানের উদ্দেশে কাদের সিদ্দিকী বলেন, আপনার বিরোধিতা যারা করবে, তাদের সবাইকে নির্মূল করে ফেলবেন-এটা তো রাষ্ট্রের পলিসি হতে পারে না। আপনি যখন দায়িত্ব পাবেন, তখন তার জান-মাল ও সম্মানের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আপনার।

লতিফ সিদ্দিকীর গ্রেফতার প্রসঙ্গে তিনি আরও বলেন, আমার এলাকার কয়েকজন আমাকে প্রশ্ন করেছে দাদাকে এভাবে কারাগারে নিল, আমাদের কিছু করার নেই? আমি বলেছি, নিশ্চয়ই করার আছে। কিন্তু দেশকে অশান্ত করে আমরা কোনো কিছু করতে পারি না। আমার কাছে মনে হয়েছে, লতিফ সিদ্দিকীকে হেফাজতে ইসলামের ৫ মে’র মামলায় দেওয়াটা একটি ষড়যন্ত্র।  দেখি সরকারের কতটা হাত আছে। আগামী ১৬ আগস্ট মামলার ডেট পড়েছে। এবার হয়তো কোর্টে যাব। এর মধ্যে যদি বুঝি যে, এটা সরকার করছে, তো সরকারের সঙ্গে বোঝাপড়া করব। আর যদি এটা ষড়যন্ত্র হয়, সরকারের মধ্যেও কিন্তু সরকার আছে। সেটার মোকাবিলা করতে হবে।

তিনি বলেন, আজকে শেখ হাসিনাকে একেবারে বাদ দেবেন এটা চলবে না। তিনি রাষ্ট্র চালিয়েছেন। ভুল করে থাকলে তার জন্য প্রকৃত বিচার হতে পারে। কিন্তু একতরফাভাবে ইচ্ছে হলেই ফাঁসি দিয়ে দেবেন-এটা বিপ্লবী সরকার হলে পারতেন। 

এ সময় সরকারের কাজেরও প্রশংসা করেন তিনি।  কাদের সিদ্দিকী বলেন,আমি তো সাংঘাতিকভাবে তারেক রহমানের বিরোধী মানুষ। কিন্তু শেখ হাসিনার পতন হওয়ার পরে তারেক রহমানের একটি কাজও আমি সমালোচনা করতে পারছি না।

শেখ হাসিনার সমালোচনা করে কাদের সিদ্দিকী বলেন, মুক্তিযুদ্ধ কারও বাবার সম্পত্তি না, সারা বাংলাদেশের আপামর জনসাধারণের সম্পত্তি। আমার বাপের সম্পত্তি বলে সবকিছু নিলাম, কেন? এর প্রতিফল আজকে আমাদের ভুগতে হচ্ছে। ক্ষমতায় এসে শেখ হাসিনা এমন কেন হলেন? আজকে তার জন্য হাজার হাজার মানুষ কষ্ট ভোগ করছে, কেন? ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকী, তোফায়েল আহমেদ রাস্তার মানুষ নন, এভাবে হয় না। শাহ মোয়াজ্জেম হোসেন, ওবায়দুর রহমানসহ অনেক প্রবীণ নেতাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে। অথচ বঙ্গবন্ধু নিহত হওয়ার পর আমি দিনের পর দিন না খেয়ে প্রতিবাদ করেছি।

এনসিপির নেতাদের উদ্দেশে তিনি বলেন, আজকে যে যুবনেতারা মনে করে তারা একাই গণ-অভ্যুত্থান করেছে, এটা ঠিক নয়। এই আন্দোলনে সবার ভূমিকা ছিল।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার