Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

সিলেট বিভাগে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ মে ২০২৬, ০১:৩৪ এএম

সিলেট বিভাগে ঢেলে সাজানো হচ্ছে বিএনপিকে

বিজ্ঞাপন

ঢেলে সাজানো হচ্ছে সিলেট বিভাগের বিএনপি’র অধীন ইউনিটগুলোকে। ঈদের পর থেকে শুরু হবে এর কার্যক্রম। সিলেট জেলা বিএনপি মেয়াদোত্তীর্ণ। মহানগর বিএনপি’র মেয়াদও শেষের পথে। মৌলভীবাজার, সুনামগঞ্জ ও হবিগঞ্জ বিএনপি চলছে আহ্বায়ক কমিটি দিয়ে। এই অবস্থায় স্থানীয় নির্বাচনে বিএনপি’র তৃণমূলকে শক্তিশালী করতে এই উদ্যোগ নেয়া হচ্ছে।

এরই মধ্যে কেন্দ্রের তরফ থেকে এ সংক্রান্ত মেসেজ দেয়া হয়েছে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী। বলেন, কেন্দ্রীয় সম্মেলন ও কাউন্সিল ডিসেম্বরে হতে পারে। তার আগে বিএনপি’র জেলা ও নগর কমিটি গঠনের কাজ শেষ করা হবে। যেহেতু তিনটি জেলায় আহ্বায়ক কমিটি রয়েছে সেখানে খুব দ্রুতই সম্মেলন ও কাউন্সিল করা যাবে। আর সিলেটের দু’টি ইউনিটকে নতুন করে সাজানো হতে পারে।

এজন্য আহ্বায়ক কমিটি গঠন করার কথা। এদিকে, সিলেট জেলা ও নগর বিএনপি’র নতুন আহ্বায়ক কমিটি নিয়ে এরই মধ্যে তোড়জোড় শুরু হয়েছে। কারা পাচ্ছেন কমিটির দায়িত্ব সেটি নিয়েও চলছে জল্পনা। সিলেট জেলা বিএনপি’র বর্তমান সভাপতি সিটি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী ও সাধারণ সম্পাদক সিলেট-৬ আসনের এমপি এডভোকেট এমরান আহমদ চৌধুরী। তাদের নেতৃত্বে সিলেট জেলা বিএনপি’র মেয়াদ এরই মধ্যে মেয়াদোত্তীর্ণ হয়েছে। ফলে জেলা বিএনপি’র কমিটি খুব সহসাই ভেঙে যেতে পারে জানিয়েছেন কয়েকজন নেতা।

আহ্বায়ক কমিটির আহ্বায়ক হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন জেলার সভাপতি ও সাধারণ সম্পাদক। তবে এ পদে দলের কেন্দ্রীয় সহ-ক্ষুদ্র ও ঋণ বিষয়ক সম্পাদক আব্দুর রাজ্জাক, কেন্দ্রীয় সদস্য ও জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম, জেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ফয়সল আহমদ চৌধুরীর নামও আলোচনায় রয়েছে। এ ইউনিটের সদস্য সচিব হিসেবে আলোচনায় রয়েছেন জেলার যুগ্ম সম্পাদক সিদ্দিকুর রহমান পাপলু ও জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামাল। দু’জন থেকে যেকোনো একজন হওয়ার সম্ভাবনা বেশি। আব্দুল আহাদ খান জামাল আন্দোলন সংগ্রামে উল্লেখযোগ্য ভূমিকা রাখায় তাকে এগিয়ে রাখা হচ্ছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।

মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটিতেও এসেছে অনেক নেতার নাম। এখানে আহ্বায়কের তালিকায় এসেছে সিটি প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরীর নামও। কাইয়ুম চৌধুরী গতকাল বিকালে জানিয়েছেন, তিনি কোথায় যাবেন, কোথায় কাজ করবেন সেটি নির্ধারণ করবে কেন্দ্র। কেন্দ্র থেকে যেখানে নির্দেশ আসবে তিনি সেখানেই কাজ করবেন। আপাতত তাকে সিটি প্রশাসকের দায়িত্ব দেয়া হয়েছে। নির্বাচনের জন্য বলা হয়েছে। তিনি ওখানেই কাজ করছেন বলে জানান।

এ ছাড়া আহ্বায়ক পদে মহানগর বিএনপি’র সাবেক সভাপতি নাসিম হোসাইন, সাবেক আহ্বায়ক আব্দুল কাইয়ুম জালালি পংকি, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদি ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর নাম আলোচনায় রয়েছে।

সদস্য সচিব হিসেবে নাম শোনা যাচ্ছে নগর বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম, মহানগর বিএনপি’র যুগ্ম সম্পাদক নজিবুর রহমান নজিব, জেলা বিএনপি’র প্রথম যুগ্ম সম্পাদক ইশতিয়াক সিদ্দিকী, নগর বিএনপি’র যুগ্ম সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাহবুবুল হক চৌধুরী, মহানগর বিএনপি’র সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুবের নাম। জেলা যুগ্ম সম্পাদক হচ্ছেন ইশতিয়াক সিদ্দিকী।

তিনি সিটি নির্বাচনকে সামনে রেখে নগর বিএনপি’র কমিটিতে আসতে চাচ্ছেন বলে জানিয়েছেন দলের নেতারা। কেন্দ্রের নেতারা জানিয়েছেন, সিলেট জেলা ও নগর বিএনপি দুঃসময়েও কাউন্সিলের মাধ্যমে নেতৃত্ব বাছাই করেছে। এবারো তাই করা হবে। এজন্য জেলা ও নগরের অধীন ইউনিটগুলোকেও কাউন্সিলের মাধ্যমে নতুন করে ঢেলে সাজানো হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার