বিজ্ঞাপন
বিএনপির মনোনয়ন পেলেন সুপ্রিম কোর্টের আইনজীবী ফাহিমা নাসরিন, কে তিনি
জাগো বাংলা ডেস্ক
প্রকাশ: ২০ এপ্রিল ২০২৬, ০৭:২১ পিএম
বিজ্ঞাপন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের চূড়ান্ত তালিকা ঘোষণা করেছে।
সোমবার (২০ এপ্রিল) দুপুরে আনুষ্ঠানিকভাবে এ তালিকা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।
এবারের তালিকায় বিগত সময়ের সংগ্রামে সক্রিয় নারীরা প্রাধান্য পেয়েছে। এবারের তালিকায় উল্লেখযোগ্যভাবে নারী আইনজীবীরা স্থান পেয়েছেন।
তাদের মধ্যে সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট ফাহিমা নাসরিন মুন্নি অন্যতম। তিনি বিগত বিএনপি সরকারের সময় ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।
ফাহিমা নাসরিন মুন্নি বর্তমানে বিএনপির আন্তর্জাতিক-বিষয়ক সহ-সম্পাদক এবং দলের নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
দলীয় সূত্রে জানা গেছে, অভ্যন্তরীণ মূল্যায়ন ও রাজনৈতিক সক্রিয়তাকে ভিত্তি করেই প্রার্থী নির্বাচন করা হয়েছে।
রিজভী জানান, সংরক্ষিত নারী আসনে মনোনয়ন দিতে জাতীয় কমিটির সদস্যরা দুই দিনব্যাপী সাক্ষাৎকার গ্রহণ করেছেন। সাক্ষাৎকার শেষে মনোনয়ন বোর্ড ৩৬ জনকে মনোনীত করেছে।
মনোনয়নপ্রাপ্তরা হলেন, সেলিমা রহমান, শিরিন সুলতানা, রাশেদা বেগম হিরা, রেহানা আক্তার রানু, নেওয়াজ হালিমা আর্লি, মোছাম্মত ফরিদা ইয়াসমিন, বিলকিস ইসলাম, শাকিলা ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আর আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা, রেজেকা সুলতানা ও নাদিয়া পাঠান পাপন।
আগামী ১২ মে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচন হবে। জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসন ৫০টি। প্রতি ৬ জন সাধারণ সদস্যের বিপরীতে একটি সংরক্ষিত নারী আসন বণ্টন হবে। সে অনুযায়ী, বিএনপি জোট ৩৬টি, জামায়াত জোট ১৩টি এবং স্বতন্ত্ররা মিলে ১টি সংরক্ষিত আসন পাবে।