Logo
Logo
×

বিজ্ঞাপন

রাজনীতি

ছাত্রদলের সাবেক যেসব নেতা ভাগ্য বিড়ম্বনার শিকার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩১ পিএম

ছাত্রদলের সাবেক যেসব নেতা ভাগ্য বিড়ম্বনার শিকার

বিজ্ঞাপন

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকদের মধ্যে সাতজনকে প্রার্থী করেছে বিএনপি। এদের মধ্যে পাঁচজন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি এবং দুজন সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন। তবে একাধিক সাবেক শীর্ষ নেতা মনোনয়ন দৌড়ে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত দলীয় টিকিট পাননি। জোটের সমীকরণ ও রাজনৈতিক বাস্তবতায় তারা মনোনয়ন বঞ্চিত হয়েছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

মনোনয়ন বঞ্চিতদের মধ্যে ছাত্রদলের সাবেক দুই নেতা দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়েছেন। এ কারণে তাদের বিএনপি থেকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন—ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি হাসান আল মামুন এবং একই কমিটির সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। হাসান আল মামুন ২০০৪ সালে ঢাবি ছাত্রদলের সভাপতি ছিলেন।

এই দুই নেতার আসনে বিএনপি জোটের শরিকদের প্রার্থী দিয়েছে। সংশ্লিষ্ট আসনগুলোতে মনোনয়ন পেয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং দলটির সাবেক সাধারণ সম্পাদক, সম্প্রতি বিএনপিতে যোগ দেওয়া রাশেদ খান। উল্লেখ্য, বহিষ্কৃত হলেও হাসান আল মামুন ও সাইফুল ইসলাম ফিরোজ ভোটের মাঠে সক্রিয় রয়েছেন।

এছাড়া ছাত্রদলের সাবেক কেন্দ্রীয় নেতাদের মধ্যে আরও কয়েকজন এবার ভাগ্য বিড়ম্বনার শিকার হয়েছেন। তাদের মধ্যে অন্যতম ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ব্যারিস্টার নাসির উদ্দিন অসীম। তিনি ধানমন্ডি আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করেছিলেন, তবে শেষ পর্যন্ত টিকিট পাননি। বর্তমানে তিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

ছাত্রদলের সাবেক সভাপতি আবদুল কাদির ভূইয়া জুয়েল নরসিংদী আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। তবে দল তাকে মনোনয়ন দেয়নি। জুয়েল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক।

ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল বানারীপাড়া আসন থেকে মনোনয়ন প্রত্যাশা করলেও দলীয় মনোনয়ন পাননি।

এদিকে ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি বজলুল করিম চৌধুরী আবেদ কোম্পানীগঞ্জ আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন। তবে ওই আসনে বিএনপি ব্যবসায়ী ফখরুল ইসলামকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে।

দলীয় সূত্রগুলো বলছে, জোটগত রাজনীতি, আসন সমঝোতা এবং নির্বাচনী কৌশলের কারণে এবার অনেক সাবেক ছাত্রনেতা প্রত্যাশিত মনোনয়ন পাননি। এতে ছাত্রদলের সাবেক নেতৃত্বের একটি বড় অংশের মধ্যে হতাশা তৈরি হয়েছে, যা নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করতে পারে বলে রাজনৈতিক বিশ্লেষকদের মত।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার