Logo
Logo
×

বিজ্ঞাপন

মতামত

সংলাপ : জাতীয় ঐক্য নাকি নতুন মেরুকরণ?

Icon

ছামির মাহমুদ

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:২৪ এএম

সংলাপ : জাতীয় ঐক্য নাকি নতুন মেরুকরণ?

বিজ্ঞাপন

‘জাতীয় ঐক্য’ ও রাজনৈতিক সংলাপের বিষয়টি বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে নানা আলোচনার জন্ম দিয়েছে। সাম্প্রতিক সময়ে সরকার প্রধানের পক্ষ থেকে যে সংলাপের উদ্যোগ নেওয়া হয়েছে, তা নিয়ে দেশের রাজনৈতিক অঙ্গনে ভিন্ন মত ও দৃষ্টিভঙ্গি দেখা যাচ্ছে।​ একটি প্রাচীণতম গণমানুষের রাজনৈতিক দলকে রাজনীতি থেকে দূরে রাখার কৌশল গ্রহণ করতে জাতীয় ঐক্যের নাম দিয়ে সংলাপ শুরু করার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন উঠেছে।

দেশের রাজনৈতিক ইতিহাসে ‘সংলাপ’ শব্দটি বরাবরই একটি সংবেদনশীল ও তাৎপর্যপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হয়ে এসেছে। যখনই দেশে কোনো বড় ধরনের রাজনৈতিক পটপরিবর্তন বা সংকট তৈরি হয়েছে, তখনই সংকট উত্তরণের পথ হিসেবে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার বা সংলাপের দাবি উঠেছে। সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের পক্ষ থেকে ‘জাতীয় ঐক্য’ গঠনের লক্ষ্যে কয়েকটি রাজনৈতিক দলের সাথে সংলাপ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে। এই উদ্যোগকে কেন্দ্র করে দেশের রাজনৈতিক মহলে যেমন আশাবাদ তৈরি হয়েছে, তেমনি এর প্রক্রিয়া ও অন্তর্ভুক্তি নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনারও জন্ম হয়েছে।​

সংলাপের প্রেক্ষাপট ও সরকারের অবস্থান​সরকারের পক্ষ থেকে এবং সংলাপে অংশগ্রহণকারী দলগুলোর মতে, দেশে দীর্ঘদিনের রাজনৈতিক অস্থিরতা, অর্থনৈতিক চ্যালেঞ্জ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সংস্কারের লক্ষ্যে একটি জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করা জরুরি। তাদের বিগত শাসনামলের নানা বিতর্কিত কর্মকাণ্ড এবং মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষিতে রাষ্ট্র পরিচালনায় নতুন একটি ধারা তৈরি করা প্রয়োজন। এই সংলাপের মাধ্যমে গণতন্ত্রকামী শক্তিগুলোকে একত্রিত করে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করার কথা বলা হচ্ছে। সরকারের সমর্থকদের যুক্তি হলো, যারা বিগত সময়ে গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন এবং রাষ্ট্র সংস্কারের পক্ষে অবস্থান নিয়েছেন, প্রাথমিক পর্যায়ে তাদের সাথেই আলোচনার মাধ্যমে একটি রূপরেখা তৈরি করা যৌক্তিক।​

অন্তর্ভুক্তি নিয়ে প্রশ্ন ও সংলাপের সীমাবদ্ধতা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। এই সংলাপে দেশের অন্যতম বৃহৎ ও প্রাচীন রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগ এবং তাদের নেতৃত্বাধীন জোটের শরিক দলগুলোকে—যেমন জাতীয় পার্টি, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দলসহ প্রায় ২০টি নিবন্ধিত ও সক্রিয় রাজনৈতিক দলকে—বাইরে রাখা হয়েছে।​ যে দলের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অর্জিত হয়েছে, সেই আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল দলগুলোকে বাদ দিয়ে ‘জাতীয় ঐক্য’ শব্দটি ব্যবহার করা স্ববিরোধী। দেশের অর্ধেকেরও বেশি জনগোষ্ঠিকে সংলাপের বাইরে রেখে জাতীয় ঐক্য কোনোভাবে সম্ভব নয়। বরং ঐক্যের নামে এই সংলাপ নতুন সমীকরণ তৈরি করবে। জাতিকে বিভক্ত করবে। 

বিগত কয়েকটি জাতীয় নির্বাচনে ভোটের পরিসংখ্যান পর্যালোচনা করলে দেখা যায় দেশের বিপুল সংখ্যক মানুষ—যার পরিমাণ প্রায় ৩৫ থেকে ৪০ শতাংশের কাছাকাছি—আওয়ামী লীগের সমর্থক। এছাড়া জাতীয়পার্টি,  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), সাম্যবাদী দলসহ সমমনা প্রায় ২০টি রাজনৈতিক দলের সমর্থক আরও প্রায় ২০ থেকে ২২ শতাংশ। দেশের অর্ধেকেরও বেশি প্রায় ৫৫ থেকে  বড় একটি জনগোষ্ঠীর প্রতিনিধিত্বকারী দলগুলোকে আলোচনার টেবিলের বাইরে রেখে প্রকৃত অর্থে কোনো ‘জাতীয় ঐক্য’ প্রতিষ্ঠা করা সম্ভব নয়।​ঐতিহাসিক চেতনা ও আদর্শিক বিতর্ক​এই সংলাপকে কেন্দ্র করে আদর্শিক বিতর্কও জোরালো হয়ে উঠেছে। 

অভিযোগ উঠেছে, বর্তমান সংলাপে এমন কিছু রাজনৈতিক দল ও গোষ্ঠীকে প্রাধান্য দেওয়া হচ্ছে, যাদের ঐতিহাসিক ভূমিকা মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী ছিল। একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময় যারা স্বাধীনতার বিরোধিতা করেছিল এবং বিতর্কিত ভূমিকা পালন করেছিল, তাদের সাথে নিয়ে সংলাপ করাকে অনেকেই ইতিহাসের সাথে সাংঘর্ষিক বলে মনে করছেন।  আশঙ্কা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তিগুলোকে কোণঠাসা করে এবং বিরোধী মতাদর্শের দলগুলোকে পৃষ্ঠপোষকতা দিয়ে যে জাতীয় ঐক্যের কথা বলা হচ্ছে, তা মূলত জাতিকে ঐক্যবদ্ধ করার পরিবর্তে আরও গভীরভাবে বিভক্ত করবে। এই ‘কথিত ঐক্যের সংলাপ’ ভবিষ্যতে ‘অনৈক্যের সংলাপ’ হিসেবেই চিহ্নিত হতে পারে, যার রাজনৈতিক ও সামাজিক মূল্য দেশের জন্য অত্যন্ত চড়া হতে পারে।​

গণতান্ত্রিক অধিকার, নিষেধাজ্ঞা ও বিচারের প্রশ্ন​রাজনৈতিক দল নিষিদ্ধ করা বা রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেওয়ার বিষয়টিও এই আলোচনায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রচেষ্টা বা দলের সভাপতি শেখ হাসিনার দেশে ফেরার পথ রুদ্ধ করার মতো পদক্ষেপগুলো গণতান্ত্রিক রীতিনীতির সাথে সামঞ্জস্যপূর্ণ নয়।​ 

কোনো রাজনৈতিক দল বা নেতার বিরুদ্ধে যদি সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধ বা অন্য কোনো অভিযোগ থাকে, তবে তার নিরপেক্ষ তদন্ত এবং রাজনৈতিক প্রভাবমুক্ত বিচার হওয়া উচিত। আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ব্যক্তিগত অপরাধের বিচার জরুরি। কিন্তু ব্যক্তির অপরাধের দায়ভার পুরো একটি রাজনৈতিক দলের ওপর চাপিয়ে দিয়ে দলটিকে নিষিদ্ধ করা বা এর কোটি কোটি সমর্থককে রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা গণতান্ত্রিক সমাধান হতে পারে না। 

রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের চূড়ান্ত বিচার করার অধিকার কেবল দেশের জনগণের। একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করে নির্ধারণ করবে কোন দল গ্রহণযোগ্য আর কোন দল বর্জনীয়।​

বলা বাহুল্য, দেশের বৃহৎ একটি অংশকে রাজনৈতিক প্রক্রিয়ার বাইরে রেখে এবং দমন-পীড়নের মাধ্যমে কোনো স্থায়ী শান্তি অর্জন করা সম্ভব নয়। ইতিহাসের শিক্ষা হলো, যখনই কোনো সমাজে রাজনৈতিক মতপ্রকাশের পথ রুদ্ধ হয় এবং একটি বড় গোষ্ঠীকে কোণঠাসা করে ফেলা হয়, তখন সেখানে চরম অস্থিরতা, সংঘাত এমনকি গৃহযুদ্ধের মতো পরিস্থিতির শঙ্কা তৈরি হয়। বাংলাদেশ ক্রমশ সেই ধরনের একটি অনিশ্চিত ও অন্ধকার ভবিষ্যতের দিকে ধাবিত হচ্ছে কি না, তা নিয়ে নাগরিক সমাজের মধ্যে যথেষ্ট উদ্বেগ রয়েছে।​ এ থেকে উত্তরণে সরকারের উচিত সংকীর্ণ দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে প্রকৃত অর্থেই একটি অন্তর্ভুক্তিমূলক সংলাপের আয়োজন করা। দেশের গণতন্ত্র, স্থিতিশীলতা এবং সামগ্রিক কল্যাণের স্বার্থে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, বামপন্থী দলগুলোসহ সকল নিবন্ধিত রাজনৈতিক দলের সাথে আলোচনার দ্বার উন্মুক্ত করা প্রয়োজন। একই সাথে, সকল রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ (লেভেল প্লেয়িং ফিল্ড) নিশ্চিত করা এবং জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরি করাই হওয়া উচিত বর্তমান সরকারের প্রধান লক্ষ্য।​ জনগণের ভোটাধিকার ফিরিয়ে দেওয়ার মাধ্যমেই কেবল প্রকৃত জাতীয় ঐক্য ও টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা করা সম্ভব।

ছামির মাহমুদ : যুক্তরাজ্য প্রবাসী লেখক ও সাংবাদিক।
samir.sylhet@gmail.com

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার