Logo
Logo
×

বিজ্ঞাপন

মতামত

আনোয়ারুজ্জামান চৌধুরী : ব্রিটিশ-বাঙালি কমিউনিটির এক অনন্য অধ্যায়

Icon

ড. আজিজুল আম্বিয়া

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ এএম

আনোয়ারুজ্জামান চৌধুরী : ব্রিটিশ-বাঙালি কমিউনিটির এক অনন্য অধ্যায়

বিজ্ঞাপন

কিছু মানুষ পদ-পদবির পরিচয়ে পরিচিত হন, আর কিছু মানুষ নিজেদের কর্ম, নেতৃত্ব ও মানবিকতার মধ্য দিয়ে মানুষের হৃদয়ে স্থায়ী আসন করে নেন। আনোয়ারুজ্জামান চৌধুরী তেমনই এক পরিচিত নাম। তাঁর দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক পথচলা ব্রিটিশ-বাঙালি কমিউনিটির ইতিহাসে এক উল্লেখযোগ্য অধ্যায়।

প্রায় ৩৭ বছরের যুক্তরাজ্য প্রবাসজীবনে তিনি এদেশের বাঙালি কমিউনিটির সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে নিবিড়ভাবে সম্পৃক্ত রয়েছেন। যুক্তরাজ্য আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি তিনি সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র। যুক্তরাজ্য যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক, উভয় গুরুত্বপূর্ণ পদেই তিনি দায়িত্ব পালন করেছেন। তাঁর সাংগঠনিক নেতৃত্বের সময় যুক্তরাজ্য যুবলীগের কার্যক্রম বিস্তৃত হয় এবং সংগঠনটি পূর্ণাঙ্গ সাংগঠনিক কাঠামো লাভ করে। যুবসমাজকে ঐক্যবদ্ধ করা, নতুন নেতৃত্ব তৈরি এবং তরুণদের রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার ক্ষেত্রে তাঁর ভূমিকা উল্লেখযোগ্য। রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের পাশাপাশি তিনি আইএফআইসি ব্যাংকের পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেছেন। এসব অভিজ্ঞতা তাঁর কর্মজীবনের বহুমাত্রিক পরিচয় তুলে ধরে।

রাজনৈতিক পরিচয়ের বাইরেও তাঁর রয়েছে দীর্ঘ সামাজিক পথচলা। প্রবাসে আসার পর থেকেই বিভিন্ন কমিউনিটি সংগঠনের সঙ্গে যুক্ত থেকে মানুষের কল্যাণে কাজ করেছেন। দল-মত ও রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে মানুষের বিপদে পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন। মানুষের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে নিজের সামর্থ্য অনুযায়ী সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।

সিলেট সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হওয়ার অনেক আগে থেকেই প্রতিদিন অসংখ্য মানুষ নানা সমস্যা, প্রত্যাশা ও প্রয়োজন নিয়ে তাঁর কাছে আসতেন। ব্যক্তিগত সংকট থেকে পারিবারিক কিংবা সামাজিক সমস্যা, মানুষের কথা শোনা এবং সহযোগিতার চেষ্টা ছিল তাঁর জনসম্পৃক্ততার অন্যতম দিক। মেয়র নির্বাচিত হওয়ার পর মানুষের প্রত্যাশা ও যোগাযোগ আরও বেড়ে যায়।

একজন নেতার প্রকৃত পরিচয় কেবল পদ কিংবা ক্ষমতায় সীমাবদ্ধ থাকে না; মানুষের সঙ্গে তাঁর সম্পর্ক, দুঃসময়ে পাশে দাঁড়ানোর মানসিকতা এবং সাধারণ মানুষের কাছ থেকে অর্জিত আস্থার মধ্যেই নেতৃত্বের প্রকৃত শক্তি নিহিত।

তাঁকে নিয়ে সমালোচনা হয়েছে, রাজনৈতিক মতপার্থক্যও রয়েছে। গণতান্ত্রিক সমাজে সমালোচনা অবশ্যই থাকবে। একজন রাজনৈতিক ব্যক্তিত্বের সিদ্ধান্ত ও কর্মকাণ্ড প্রশ্নের ঊর্ধ্বে নয়। তবে সমালোচনা হওয়া উচিত তথ্য, যুক্তি ও শালীনতার ভিত্তিতে। যাচাই-বাছাই ছাড়া ব্যক্তিগত বিদ্রূপ কিংবা অসম্মানজনক মন্তব্য কোনো সুস্থ কমিউনিটি সংস্কৃতির পরিচয় হতে পারে না। মতের অমিল থাকতেই পারে, কিন্তু দীর্ঘদিনের সামাজিক অবদান ও মানবিক কর্মকাণ্ডের মূল্যায়নেও ন্যায্যতা থাকা জরুরি।

প্রবাসের মাটিতে একজন মানুষের সামাজিক অবস্থান এক দিনে তৈরি হয় না। এর পেছনে থাকে দীর্ঘদিনের শ্রম, সাংগঠনিক অভিজ্ঞতা, মানুষের সঙ্গে আত্মিক সম্পর্ক এবং সুখ-দুঃখের অংশীদার হওয়ার ইতিহাস। আনোয়ারুজ্জামান চৌধুরীর প্রায় চার দশকের পথচলাকে সেই বৃহত্তর প্রেক্ষাপটেই বিবেচনা করা প্রয়োজন।

দূরপ্রবাসে থেকেও বাংলাদেশের রাজনীতি ও মানুষের কল্যাণ নিয়ে তাঁর আগ্রহ এবং রাজনৈতিক কর্মকাণ্ডে সম্পৃক্ততা তাঁর সমর্থকদের কাছে বিশেষ গুরুত্ব বহন করে। প্রতিকূলতার মধ্যেও নিজের রাজনৈতিক অবস্থান ধরে রাখার বিষয়টিও তাঁদের কাছে তাঁর দৃঢ়তার পরিচায়ক।

তাঁর রাজনৈতিক জীবনের সব সিদ্ধান্তের সঙ্গে সবাই একমত হবেন, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। কিন্তু মতপার্থক্যের মধ্যেও পারস্পরিক শ্রদ্ধা, সত্যনিষ্ঠা ও শালীনতা বজায় রাখা আমাদের সবার দায়িত্ব। কারণ, একটি কমিউনিটির প্রকৃত মর্যাদা নির্ভর করে তার সদস্যদের পারস্পরিক সম্মানবোধ ও নৈতিক অবস্থানের ওপর।

ইতিহাস শেষ পর্যন্ত শুধু পদ-পদবির হিসাব রাখে না; মনে রাখে মানুষের জন্য কে কতটুকু করেছেন। আনোয়ারুজ্জামান চৌধুরীর রাজনৈতিক জীবনের চূড়ান্ত মূল্যায়ন সময়ই করবে। তবে ব্রিটিশ-বাঙালি কমিউনিটিতে তাঁর দীর্ঘ পথচলা, সাংগঠনিক নেতৃত্ব, যুবসমাজকে সংগঠিত করার অভিজ্ঞতা এবং মানুষের সঙ্গে গড়ে ওঠা সম্পর্ক তাঁর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।

কারণ, নেতৃত্বের সবচেয়ে বড় শক্তি ক্ষমতা নয়, মানুষের ভালোবাসা। আর সেই ভালোবাসা অর্জিত হয় দীর্ঘদিনের কর্ম, সাংগঠনিক দক্ষতা, আন্তরিকতা এবং মানুষের পাশে থাকার মধ্য দিয়ে।

লেখক: ড. আজিজুল আম্বিয়া
কলাম লেখক ও গবেষক

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার