বিজ্ঞাপন
ড্রাইভিং শেখানোর নামে নারীর আপত্তিকর ভিডিও ধারণ করে ব্ল্যাকমেল
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৬:২৪ এএম
বিজ্ঞাপন
ময়মনসিংহে গাড়ি চালানো শেখানোর নামে এক নারীর আপত্তিকর ছবি ও ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে আশরাফুল আলমের (৩০) বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামীর দায়ের করা মামলায় অভিযুক্ত ওই যুবককে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)।
শনিবার (২৮ নভেম্বর) বেলা আড়াইটার দিকে এসআরবি-১৪’র ময়মনসিংহ কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এর আগে শুক্রবার দিবাগত রাত পৌনে ২টার দিকে ময়মনসিংহ নগরের বয়ড়া ছালাকান্দি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার থেকে ব্ল্যাকমেলের কাজে ব্যবহৃত দুটি মুঠোফোন ও একটি সিম কার্ড জব্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে এসআরবি জানায়, ২০২১ সালে ওই নারীকে গাড়ি চালানো শেখানোর জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয় আশরাফুলকে। প্রশিক্ষণের সময় কৌশলে ওই নারীর কিছু আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করেন তিনি। পরে এসব ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে ওই নারীকে ব্ল্যাকমেল করতে থাকেন আশরাফুল।
লোকলজ্জার ভয়ে বিভিন্ন সময়ে তাঁকে প্রায় ২০ লাখ টাকা দিতে বাধ্য হন ভুক্তভোগী নারী। এজাহারে আরও উল্লেখ করা হয়, একপর্যায়ে ওই নারী আশরাফুলের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিলে তিনি ক্ষিপ্ত হয়ে ওঠেন। সম্প্রতি ওই নারীর আপত্তিকর ছবি ও ভিডিও তাঁর স্বামীর কর্মস্থলের এক সহকারীর মুঠোফোনে পাঠিয়ে দেন। এ নিয়ে বাড়াবাড়ি করলে ওই নারীর সন্তানদের স্কুল ও খেলার মাঠ থেকে অপহরণ করে হত্যার হুমকিও দেওয়া হয়।
এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে গত বুধবার ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় মামলা করেন। মামলায় আশরাফুলকে প্রধান আসামি করা হয়। পরে এসআরবির একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
এসআরবি-১৪-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক ও মিডিয়া কর্মকর্তা নাদিয়া ফারজানা জানান, মামলা দায়েরের পর এসআরবি ছায়া তদন্ত শুরু করে। এর ধারাবাহিকতায় অভিযান চালিয়ে মামলার প্রধান আসামি আশরাফুলকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা আলামতসহ পরবর্তী আইনি ব্যবস্থার জন্য তাকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শিবিরুল ইসলাম বলেন, ‘অভিযুক্ত যুবককে এসআরবি গ্রেপ্তার করে আমাদের কাছে হস্তান্তর করেছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।’