Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ একাধিক নেতার বাড়িতে আগুন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২১ এএম

আ.লীগের কেন্দ্রীয় নেতাসহ একাধিক নেতার বাড়িতে আগুন

বিজ্ঞাপন

নেত্রকোনার পূর্বধলায় যুবদল নেতা আবু বকর রানাকে কুপিয়ে গুরুতর জখম করার ঘটনাকে কেন্দ্র করে রাতভর সহিংসতা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

শনিবার রাত আটটার দিকে উপজেলার বিশকাকুনি ইউনিয়নের পুটিকা এলাকায় যুবদল নেতার ওপর হামলার ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যুবদল নেতার ওপর হামলার পরপরই অভিযুক্ত যুবলীগ নেতার বাড়িতে আগুন দেওয়া হয়। এর কিছুক্ষণ পর রাত সাড়ে দশটার দিকে পাশের ধলা গ্রামে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের গ্রামের বাড়িতেও অগ্নিসংযোগ করা হয়। এতে অন্তত পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে স্থানীয়রা। এসময় আহমদ হোসেনের ভাতিজা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমানের বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে।

এর কিছুক্ষণ পর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক লন্ডন প্রবাসী আমানুর রশিদ খান জুয়েলের বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ করেন তারা।

মিজানুর রহমানসহ আওয়ামী নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিযোগ করেন, বিএনপি ও দলটির বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের একদল নেতাকর্মী অতর্কিতে এসে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দেয়। তবে অগ্নিসংযোগে কারা জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

আগুন লাগার সময় ফায়ার সার্ভিস স্টেশনে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ঘটনাস্থলে না যাওয়ার অভিযোগ করেন ভুক্তভোগীরা।

পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, রাত ৮টার দিকে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী মিছিলের উদ্দেশ্যে জড়ো হওয়ার চেষ্টা করছিলেন। পুলিশের টহল দেখে পুটিকা বাজার এলাকা দিয়ে পালানোর সময় তারা যুবদল নেতা রানাকে একা পেয়ে কুপিয়ে জখম করেন।

ওসি আরও বলেন, এ ঘটনার জেরে উত্তেজিত জনতা রফিক নামের ওই যুবলীগ নেতার বাড়িতে আগুন দিয়েছে বলে পুলিশ নিশ্চিত হয়েছে। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। পরে উত্তেজিত জনতা সাবেক সংসদ সদস্য আহমদ হোসেনের বাড়িতেও আগুন দেয়। এতে পাঁচ থেকে ছয়টি ঘর পুড়ে গেছে।

এদিকে পূর্বধলা উপজেলা বিএনপির আহ্বায়ক আবু তাহের তালুকদার জানান, তিনি বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। ঘটনার বিষয়ে অবগত হলেও অগ্নিসংযোগে কারা জড়িত তা তার জানা নেই। দলের নেতাকর্মীদের এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

একের পর এক হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় পূর্বধলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার