বিজ্ঞাপন
মধ্যরাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ, গাড়ি ভাঙচুর-ককটেল বিস্ফোরণ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৯ এএম
বিজ্ঞাপন
কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর, ককটেল বিস্ফোরণ ও গাড়িতে আগুন দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
শনিবার (২৯ নভেম্বর) রাত ১১টার পর মহাসড়কের চৌদ্দগ্রাম বাজারসংলগ্ন ট্রেনিং সেন্টার কালিরবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয়দের অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও তার অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা এ অবরোধ করেন। খবর পেয়ে চৌদ্দগ্রাম মডেল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাশাপাশি স্থানীয় বিএনপি ও জামায়াতের নেতাকর্মীরাও মহাসড়কে অবস্থান নেন। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
পরে পুলিশ ও বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের অবস্থান জোরদার হলে অবরোধকারীরা সেখান থেকে সরে যান। অবরোধকারীরা একটি কাভার্ডভ্যান সড়কের মাঝখানে রেখে চলে যাওয়ায় ঢাকামুখী লেনে যান চলাচল বিঘ্নিত হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের বিভিন্ন স্থানে পুলিশ ও বিজিবি সদস্যরা অবস্থান নেন। পাশাপাশি বিএনপি-জামায়াতের নেতাকর্মীরাও সেখানে অবস্থান নিয়ে বিভিন্ন স্লোগান দেন।
চৌদ্দগ্রাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোসাইন বলেন, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছে।