Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

সমুদ্রে নয়; আকাশে ভাসছে জাহাজ! ভাইরাল সে ভিডিওর রহস্য উদঘাটন

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:৩৪ এএম

সমুদ্রে নয়; আকাশে ভাসছে জাহাজ! ভাইরাল সে ভিডিওর রহস্য উদঘাটন

বিজ্ঞাপন

সমুদ্রের উপরিভাগে নয়; যেন আকাশে ভেসে আছে জাহাজ! দূর থেকে এমনই এক দৃশ্যের দেখা মিলেছে সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) আজমান সমুদ্রসৈকতে। অদ্ভুত এই দৃশ্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। ভিডিওটি ৩ কোটির বেশি বার দেখা হয়ে গেছে এর মধ্যেই।

কেউ কেউ এটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও কিংবা বাস্তবতার কোনো অস্বাভাবিক বিভ্রম বলে সন্দেহ করেছেন। তবে এর পেছনের ঘটনা ভিন্ন। এটা এআই নয়; বরং এর নাম ‘সুপিরিয়র মিরাজ’ বা ঊর্ধ্ব মরীচিকা।

শনিবার (২৮ নভেম্বর) খালিজ টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ভিডিওটি ধারণ করেছেন দুবাইভিত্তিক ২৯ বছর বয়সী ভারতীয় আলোকচিত্রী জাসিল আজিজ। গত বুধবার (২৫ নভেম্বর) সহকর্মীদের সঙ্গে একটি কাজ শেষে আজমান সমুদ্রসৈকতে গিয়ে দূরের জাহাজগুলোকে অস্বাভাবিকভাবে ভাসতে দেখেন তিনি। প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও পরে দ্রুত মুঠোফোন বের করে দৃশ্যটি ধারণ করেন বলে জানা যায়।

জাসিল জানান, দৃশ্যটি ছিল অবিশ্বাস্য। সাধারণত ভিডিও ধারণ ও সম্পাদনার জন্য অনেক পরিকল্পনা করলেও এটি ছিল একেবারেই আকস্মিক ঘটনা।

অথচ সেটিই তার সবচেয়ে বেশি দেখা ভিডিওতে পরিণত হয়েছে বলেও জানান তিনি।

বিশেষজ্ঞদের ব্যাখ্যা অনুযায়ী, ভূপৃষ্ঠের কাছাকাছি ঠাণ্ডা বাতাস এবং তার ওপর উষ্ণ বাতাসের স্তর তৈরি হলে তাপমাত্রার বিপরীত বিন্যাস ঘটে। এতে আলোর গতিপথ বেঁকে যায়। ফলে দিগন্তের ওপারে থাকা জাহাজ বা দূরের কোনো বস্তু আকাশে ভাসছে বলে মনে হয়।

এ ধরনের মরীচিকার কারণে কখনো কখনো দিগন্তের অনেক দূরের জাহাজ, উপকূল কিংবা দ্বীপও দৃশ্যমান হতে পারে বলে জানান বিশেষজ্ঞরা।

ভিডিওটির মন্তব্যে কেউ একে বাস্তবতার বিভ্রম, কেউ কৃত্রিম বুদ্ধিমত্তার কারসাজি, আবার কেউ পৃথিবী সমতল হওয়ার পক্ষে যুক্তি হিসেবে তুলে ধরেছেন। তবে এটি প্রকৃতির স্বাভাবিক আলোকীয় ঘটনা।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার