Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:২২ এএম

দক্ষিণ আফ্রিকায় ডাকাতের গুলিতে বাংলাদেশি নিহত

বিজ্ঞাপন

দক্ষিণ আফ্রিকায় দোকানে ডাকাতির সময় দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে মোহাম্মদ মানিক নামে এক বাংলাদেশি প্রবাসী নিহত হয়েছেন।

শনিবার (২৮ নভেম্বর) সকালে জোহানেসবার্গের মায়াটন এলাকায় নিহতের নিজের দোকানে ঘটে এ ঘটনা।

জানা গেছে, নিহত মানিক নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার কাশিপুর পূর্বপাড়ার ওয়াজ উদ্দিন হাজী বাড়ির আব্দুল বারিকের ছেলে।

স্থানীয় প্রবাসী সূত্রে জানা যায়, শনিবার সকাল ১০টার দিকে মানিকের দোকানে হামলা চালায় একদল ডাকাত। এ সময় তারা এলোপাতাড়ি গুলি ছুড়লে গুলিবিদ্ধ হয়ে দোকানের মেঝেতে লুটিয়ে পড়েন মানিক। ডাকাত দল চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর স্থানীয় পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং স্থানীয়দের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে। দোকানে ডাকাতি ও মানিক হত্যার ঘটনায় মামলা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় কমিটির নেতারা।

এ বিষয়ে জানতে দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশের হাইকমিশনার শাহ আহমেদ শফি ও ফার্স্ট সেক্রেটারি তাওফিকুল ইসলামের সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের সাড়া পাওয়া যায়নি। মোহাম্মদ মানিকের মৃত্যুতে দক্ষিণ আফ্রিকায় বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

স্থানীয় প্রবাসীদের ভাষ্য, দক্ষিণ আফ্রিকায় নভেম্বর ও ডিসেম্বর মাসে চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা অন্য মাসের তুলনায় বেড়ে যায়। এ কারণে দীর্ঘদিন ধরে দেশটিতে বসবাসরত বাংলাদেশিসহ সচেতন বাসিন্দারা পরিস্থিতি বিবেচনায় বাড়তি নিরাপত্তা ও সতর্কতা অবলম্বন করেন।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার