বিজ্ঞাপন
চট্টগ্রামে কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগান
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, ০২:১৬ এএম
বিজ্ঞাপন
চট্টগ্রাম নগরের খুলশী এলাকায় কনসার্ট শেষে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ স্লোগানে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে খুলশী থানার শাহজাহান মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, শাহজাহান মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ ক্রিকেট টি-টোয়েন্টি টুর্নামেন্টের ফাইনাল খেলা শেষে সেখানে কনসার্টের আয়োজন করা হয়। কনসার্ট শেষে লোকজন বাড়ি ফেরার পথে সড়কে মিছিলটি বের করা হয়। মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির উদ্যোগে টুর্নামেন্ট ও কনসার্টের আয়োজন করা হয়েছিল বলে জানা গেছে।
এ ঘটনায় ১৪ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, কয়েকজন তরুণ ও যুবক সড়কে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে বিভিন্ন স্লোগান দিতে দিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। তাদের হাতে কোনো ব্যানার বা ফেস্টুন দেখা যায়নি। মিছিলটি কোন দিক দিয়ে গেছে কিংবা পরে তারা কোথায় অবস্থান নিয়েছেন, তা জানা যায়নি।
এ বিষয়ে জানতে চাইলে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুজ্জামান জানান, মিছিলের ঘটনা ঘটেছে বলে তারা নিশ্চিত হয়েছেন। এ বিষয়ে পুলিশ কাজ করছে। পরে তিনি ফোনের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।