Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ১০:১২ পিএম

ফেসবুকে সরকারবিরোধী প্রচারের অভিযোগে চিকিৎসক গ্রেপ্তার

বিজ্ঞাপন

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগে পাবনার সাঁথিয়ায় রাশিদুল হাসান নামের এক চিকিৎসককে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ড হাসপাতালের মেডিসিন ও হৃদ্‌রোগ বিশেষজ্ঞ।

শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় সাঁথিয়া পৌরসভার ইতালি মার্কেটে নিজের চেম্বার থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রতি শুক্রবার ঢাকা থেকে সাঁথিয়ায় গিয়ে রোগী দেখতেন এই চিকিৎসক।

পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর শুক্রবার রাতেই তাকে পাবনা জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কার্যালয়ে পাঠানো হয়। পরে শনিবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমান বলেন, রাশিদুল হাসান একজন সরকারি চাকরিজীবী। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগপন্থী চিকিৎসক হিসেবে পরিচিত। নিয়মিত ফেসবুকে সরকারবিরোধী পোস্ট ও প্রচার-প্রচারণা চালানোর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

ওসি আরও বলেন, সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে এ ধরনের প্রচার চালানোর অভিযোগে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সাঁথিয়া থানায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তারের পর জেলা ডিবি কার্যালয়ে পাঠানো হয়। পরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার