বিজ্ঞাপন
গ্রেপ্তার হয়ে পুলিশের কড়া সতর্কবার্তা পেলেন সুশান্ত দাস গুপ্ত
লন্ডনে এনসিপির ওপর হামলা
লন্ডন প্রতিনিধি
প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১৬ এএম
বিজ্ঞাপন
পূর্ব লন্ডনের রমফোর্ডে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন আওয়ামী লীগের অনলাইন অ্যাকটিভিস্ট হিসেবে পরিচিত সুশান্ত দাস গুপ্ত। পরে তাকে মৌখিকভাবে কড়া সতর্কবার্তা দিয়ে ছেড়ে দিয়েছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
গত ১৬ নভেম্বর পূর্ব লন্ডনের চ্যাডওয়েল হিথ এলাকার মে ফেয়ার ভেন্যুতে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। একপর্যায়ে গাছের ডাল দিয়ে এনসিপির নেতা-কর্মীদের মারধরের ঘটনা ঘটে।
এ ঘটনায় তদন্তের অংশ হিসেবে ২৪ থেকে ২৬ নভেম্বর পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে অধিকতর তদন্ত চলাকালে তাদের জামিনে মুক্তি দেওয়া হয়।
সুশান্ত দাস গুপ্ত জানান, পুলিশ তাদের ছয়-সাতজনকে ফোন করে থানায় যেতে বলেছিল। তিনি শুক্রবার বিকেল ৩টায় থানায় গিয়ে পুলিশের কাছে সাক্ষাৎকার দেন। রাত ১০টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
তবে সুশান্ত দাস গুপ্তকে শুধু জিজ্ঞাসাবাদ করেই ছেড়ে দেওয়া হয়নি; তাকে ভবিষ্যতে এ ধরনের ঘটনায় জড়ানো থেকে বিরত থাকার বিষয়ে মৌখিকভাবে কড়া সতর্কবার্তাও দেওয়া হয়েছে।
পুলিশের তদন্ত এখনো চলমান। সংঘর্ষে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে সিসিটিভি ও গাড়ির ড্যাশক্যামের ফুটেজ সংগ্রহ করছে লন্ডন মেট্রোপলিটন পুলিশ।
মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, সংঘর্ষের ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে। তদন্তে সহায়ক হতে পারে, এমন সিসিটিভি ক্যামেরা বা গাড়ির ড্যাশক্যামের ফুটেজ কারও কাছে থাকলে ১০১ নম্বরে যোগাযোগ করে CAD 7004/16NOV রেফারেন্স নম্বরটি উল্লেখ করার আহ্বান জানিয়েছে পুলিশ।