Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, ০৩:১০ এএম

আওয়ামী লীগ নেতাকে ধরতে গ্রামবাসীর বাধা, ফিরে গেল পুলিশ

বিজ্ঞাপন

সিরাজগঞ্জের শাহজাদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও সাবেক মেয়র হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে গিয়ে গ্রামবাসীর বাধার মুখে পড়েছেন পুলিশ সদস্যরা। পরে তাকে গ্রেফতার না করেই ফেরত যায় পুলিশ।

শুক্রবার (২৭ নভেম্বর) বিকেল পৌনে ৪টার দিকে শাহজাদপুর পৌর শহরের নলুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

এসময় কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমে বিক্ষোভ করেন। একপর্যায়ে মিরুকে গ্রেফতার না করেই ঘটনাস্থল থেকে ফিরে যায় পুলিশ। রাতে এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

হালিমুল হক মিরু ওই এলাকার বাসিন্দা। তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও শাহজাদপুর পৌরসভার সাবেক মেয়র। তার বিরুদ্ধে  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সংক্রান্ত মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেফতারের জন্য থানা পুলিশের একটি দল তার বাড়িতে যায়। এসময় মিরু তার বাড়িতেই ছিলেন। পরে পুলিশ আসার খবরটি ছড়িয়ে পড়লে গ্রামের কয়েকশ নারী-পুরুষ লাঠিসোঁটা নিয়ে গ্রেফতারে বাধা দেয়। সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে মানুষের উপস্থিতি আরও বেড়ে যায়। একপর্যায়ে পুলিশ মিরুকে গ্রেফতার না করেই ঘটনাস্থল থেকে চলে যায়।

স্থানীয়দের ভাষ্য, এলাকায় মিরুর জনপ্রিয়তা রয়েছে। তিনি ২০২৪ সালের ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঈগল প্রতীকে নির্বাচন করে নৌকার কাছে পরাজিত হয়েছিলেন। তিনি কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত থাকলেও কোনো ধরনের সহিংস বা ধ্বংসাত্মক কর্মকাণ্ডে জড়িত ছিলেন না। মূলত পুলিশ তাকে গ্রেফতার করতে এসেছে খবরটি ছড়িয়ে পড়ার পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে রাস্তায় নেমেছিল। 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

তিনি বলেন, পুলিশের একটি দল হালিমুল হক মিরুকে গ্রেফতার করতে গিয়েছিল। কিন্তু তিনি বাড়িতে ছিলেন না। পরে স্থানীয়রা তার গ্রেফতারের খবর শুনে ক্ষুব্ধ হয়ে লাঠিসোঁটা নিয়ে সড়কে অবস্থান নেন। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার