বিজ্ঞাপন
মেহেরপুরে আইসিইউ না পেয়ে বিএনপি নেতার মৃত্যু
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:২৩ এএম
বিজ্ঞাপন
দীর্ঘদিন ধরে দুরারোগ্য ব্যাধি ক্যানসারে আক্রান্ত মেহেরপুরের সদর উপজেলার রায়পুর গ্রামের কালাম শেখ নামের এক বিএনপি নেতা মারা গেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি আমদহ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ছিলেন।
এর আগে বৃহস্পতিবার সকালে মুমূর্ষু অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এ সময় আইসিইউ শয্যার জন্য চিকিৎসকের সঙ্গে বাক্বিতণ্ডায় জড়ান জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসানের ছোট ভাই রকিবুল হাসান রিপন। রোগীকে আইসিইউতে ভর্তি করানোর জন্য চাপ প্রয়োগ, চিকিৎসককে গালিগালাজ ও লাঞ্ছিত করার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে।
হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. মাহবুবুর রহমানের সঙ্গে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেন সংশ্লিষ্ট চিকিৎসক। তাঁর অভিযোগ, রাজনৈতিক পরিচয়ের প্রভাব খাটিয়ে রোগীকে আইসিইউতে ভর্তি করানোর চেষ্টা করা হয়।
অন্যদিকে, আইসিইউ শয্যা ও পর্যাপ্ত অক্সিজেনের অভাবে উন্নত চিকিৎসা না পেয়ে ওই বিএনপি নেতার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট কামরুল হাসান।
তিনি জানান, সকালে আইসিইউ শয্যা না পেয়ে তাঁর দলের নেতা পুরুষ ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন। রাতে পর্যাপ্ত অক্সিজেন ও উন্নত চিকিৎসার অভাবে তাঁর মৃত্যু হয়।
কামরুল হাসান বলেন, রোগীকে আইসিইউতে ভর্তি করানোর অনুরোধ নিয়ে তাঁর ছোট ভাই কয়েকবার চিকিৎসকের কাছে যান। এ সময় চিকিৎসক তাঁকে বলেন, ‘আপনি এত কচলাচ্ছেন কেন?’ এ নিয়ে দুজনের মধ্যে বাক্বিতণ্ডা হয়।