Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

‘বাবার চিকিৎসা করাতে পারিনি, মায়ের বেলাতেও কি একই আক্ষেপ থেকে যাবে?’

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৭ নভেম্বর ২০২৬, ০২:১৮ এএম

‘বাবার চিকিৎসা করাতে পারিনি, মায়ের বেলাতেও কি একই আক্ষেপ থেকে যাবে?’

বিজ্ঞাপন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী দীপ সাহার মা কোলন ক্যানসারের চতুর্থ পর্যায়ে (স্টেজ ৪-সি) আক্রান্ত। নিজের সামর্থ্য ও আত্মীয়স্বজনের সহায়তায় অস্ত্রোপচার এবং দুটি কেমোথেরাপি করালেও রক্তে সংক্রমণ ও শারীরিক জটিলতায় এখন চিকিৎসা চালিয়ে নিতে হিমশিম খাচ্ছে পরিবার। প্রয়োজনীয় চিকিৎসা চালিয়ে নিতে আরও প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার প্রয়োজন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী দীপ সাহা। আবাসিক হল জগন্নাথ। বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর থেকে টিউশনি করে নিজের পড়াশোনা চালানোর পাশাপাশি অসচ্ছল পরিবারটিকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি। সংসারের হাল ধরতে পাশে ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২০২০-২১ শিক্ষাবর্ষে ভর্তি হয়ে স্নাতক সম্পন্ন করা বড় বোনও। দুজনের টিউশনির আয়ে কোনোমতে স্বাভাবিক হচ্ছিল জীবন। কিন্তু সেই স্বাভাবিকতায় ছন্দপতন ঘটে গত আগস্টে, যখন দীপের মায়ের শরীরে ক্যানসার ধরা পড়ে।

কোলনস্কোপি থেকে অস্ত্রোপচার

দীপ জানান, ১৪ আগস্ট নারায়ণগঞ্জের একটি ক্লিনিকে মাকে চিকিৎসকের কাছে নিয়ে গেলে কোলনস্কোপি পরীক্ষায় (১৬ আগস্ট) তাঁর কোলনের একটি অংশে (সিকাম) ক্যানসারের অস্তিত্ব ধরা পড়ে। পরে বায়োপসি পরীক্ষাতেও ক্যানসার শনাক্ত হয়। চিকিৎসকের পরামর্শে রাজধানীর ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে একজন সার্জনের শরণাপন্ন হন তাঁরা। দ্রুত অস্ত্রোপচারের পরামর্শ দেওয়া হলে ২৫ আগস্ট মায়ের অস্ত্রোপচার করান দীপ। নিজের সামর্থ্য, পরিবার ও আত্মীয়স্বজনের সহায়তায় এ সময় প্রায় দুই লাখ টাকা খরচ হয়। শুরুতে বিষয়টি বাইরের কাউকে জানাননি তিনি।

স্টেজ ৪-সি শনাক্ত

অস্ত্রোপচারের পর বায়োপসি ও অন্যান্য পরীক্ষার রিপোর্টে জানা যায়, ক্যানসার শরীরের বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়েছে। প্যাথলজি রিপোর্টে রোগের পর্যায় স্টেজ ৪-সি (Stage-IVC) উল্লেখ করা হয়েছে। রিপোর্ট অনুযায়ী, ২৭টি লিম্ফ নোডের মধ্যে দুটিতে ক্যানসার পাওয়া গেছে। পেরিটোনিয়াল সারফেস ও প্যারাইটাল ওয়ালেও ক্যানসারের উপস্থিতি শনাক্ত হয়েছে।

এরপর সার্জনের পরিচিত চিকিৎসক, মহাখালী ক্যানসার হাসপাতালের পরিচালক অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমনের শরণাপন্ন হন দীপ। জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে সব রিপোর্ট দেখে চিকিৎসক জানান, অন্তত আটটি কেমোথেরাপি দিতে হবে। এর পাশাপাশি পরীক্ষার ফল অনুযায়ী ইমিউনোথেরাপি অথবা অন্য ধরনের লক্ষ্যভিত্তিক চিকিৎসার প্রয়োজন হতে পারে। চিকিৎসকের প্রেসক্রিপশনেও কেমোথেরাপির পাশাপাশি ইমিউনোথেরাপি বা VEGF antagonist ব্যবহারের সম্ভাবনার কথা উল্লেখ রয়েছে।

দীপ বলেন, ‘স্যারকে জিজ্ঞেস করেছিলাম, মা পুরোপুরি সুস্থ হবেন কি না। তিনি বলেছিলেন, রোগের পর্যায় যেহেতু স্টেজ ফোর, তাই নিশ্চিত করে কিছু বলা যায় না। তখন তাঁকে বলি, আমাদের বাবা নেই। আমি আর আপু টিউশনি করে সংসার চালাই। এত খরচ কীভাবে বহন করব?’

অধ্যাপক ডা. মোস্তফা আজিজ সুমন তখন মহাখালী ক্যানসার হাসপাতালে যাওয়ার পরামর্শ দেন। তিনি জানান, সরকারি হাসপাতালে কেমোথেরাপি করালে বেসরকারি হাসপাতালের তুলনায় খরচ অর্ধেকেরও কম হতে পারে। তবে ইমিউনোথেরাপি বা লক্ষ্যভিত্তিক চিকিৎসার খরচ পরিবারকেই বহন করতে হবে। সব মিলিয়ে চিকিৎসার জন্য প্রাথমিকভাবে ১০ থেকে ১২ লাখ টাকার প্রয়োজন হবে বলে জানান তিনি।

বাবার মৃত্যুর আক্ষেপ

মায়ের অসুস্থতা দীপকে ফিরিয়ে নিয়ে যায় তিন বছর আগের এক বেদনাদায়ক স্মৃতিতে। ২০২৩ সালে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পরপরই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন দীপ। চার-পাঁচ দিন হাসপাতালে থাকার সময় পুরোটা সময় পাশে ছিলেন বাবা। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ফেরার দিন পথে হঠাৎ স্ট্রোক করেন তার বাবা। একাই তাঁকে আবার হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা জানান, তিনি আর নেই।

দীপের আক্ষেপ, বাবার হৃদ্‌যন্ত্রের সমস্যা আগে থেকেই ছিল। কিন্তু পরিবারের কথা ভেবে তিনি তা চেপে রেখেছিলেন। সংসারের টানাপোড়েনে বাবার চিকিৎসা ঠিকমতো করাতে না পারার সেই কষ্ট আজও তাড়া করে ফেরে তাঁকে। দীপ বলেন, ‘বাবার বেলায় চিকিৎসা করাতে না পারার একটা আক্ষেপ ছিল। এখন মায়ের সময়ও যেন তেমন কিছু না হয়, সে চেষ্টাই করছি।’

ক্যাম্পেইন, কেমোথেরাপি ও আর্থিক সংকট

অস্ত্রোপচারের প্রায় এক মাস পর, ২২ সেপ্টেম্বর বিষয়টি প্রথম বিভাগের বন্ধুবান্ধবদের জানান দীপ। এরপর বিভাগের সিনিয়র-জুনিয়র, সহপাঠী এবং এলাকার পরিচিতজন ও অগ্রজেরা পাশে দাঁড়ান। পূজার আগে ২২ সেপ্টেম্বর থেকে ১৬ অক্টোবরের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বাস, বিভাগ, উপাচার্যের (ভিসি) কার্যালয়, বিভিন্ন হল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণার মাধ্যমে তহবিল সংগ্রহ শুরু হয়। এভাবে প্রায় পাঁচ লাখ টাকা সংগ্রহ হয়।

এর মধ্যেই মহাখালী ক্যানসার হাসপাতালের চিকিৎসকের তত্ত্বাবধানে ২৯ সেপ্টেম্বর প্রথম এবং ২৯ অক্টোবর দ্বিতীয় কেমোথেরাপি দেওয়া হয়। কিন্তু নভেম্বরের শুরুতে কেমোথেরাপির পার্শ্বপ্রতিক্রিয়ায় তীব্র ডায়রিয়া, পানিশূন্যতা ও বোন ম্যারো সাপ্রেশনের কারণে রক্তে সংক্রমণ দেখা দেয়। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁর মা মুখে খাবারও খেতে পারছিলেন না।

দ্রুত ঢাকায় এনে ৭ নভেম্বর জাপান বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে ভর্তি করানো হয় তাঁকে। সেখানে তিন দিন এইচডিইউতে (হাই ডিপেনডেন্সি ইউনিট) এবং পরবর্তী সময়ে কেবিনে রেখে চিকিৎসা দেওয়া হয়। ১১ নভেম্বর হাসপাতাল থেকে ছাড়া পেলেও শারীরিক দুর্বলতা পুরোপুরি কাটেনি। চিকিৎসকের পরামর্শে আপাতত তৃতীয় কেমোথেরাপি স্থগিত রাখা হয়েছে। শারীরিক অবস্থা স্বাভাবিক হলে পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

দীপ জানান, সংগৃহীত অর্থের বড় একটি অংশ কেমোথেরাপি ও হাসপাতালে চিকিৎসায় ব্যয় হয়েছে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পরবর্তী কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা চালিয়ে নিতে আরও প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার প্রয়োজন।

মানবিক আবেদন

দুই বোন ও এক ভাইয়ের সংসারে মা-ই এখন তাঁদের একমাত্র অবলম্বন। প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা থমকে যাওয়ার শঙ্কায় মায়ের চিকিৎসা চালিয়ে নিতে সমাজের বিত্তবান ও সহৃদয় ব্যক্তিদের কাছে সহযোগিতা চেয়েছেন দীপ।

তিনি বলেন, ‘বাবার সময় চিকিৎসা করাতে না পারার যে আক্ষেপ তৈরি হয়েছিল, মায়ের ক্ষেত্রেও যদি সেই আক্ষেপ থেকে যায়, তাহলে ছেলে হিসেবে বেঁচে থেকেও মরে থাকার মতো হবে। আমি সবার কাছে দোয়া, সহযোগিতা ও সহমর্মিতা চাইছি। যে যেভাবে পারেন, একটু সহযোগিতা করলে হয়তো আমার পরিবার আবার বেঁচে থাকার সাহস পাবে।’

মায়ের চিকিৎসায় সহায়তা পাঠানোর ঠিকানা:

বিকাশ (পার্সোনাল): 01954891802, 01609742548, 01893771235

নগদ: 01893771235

রকেট: 01893771235

ব্যাংক হিসাব: DIP SAHA

হিসাব নম্বর: 2303809937001

সিটি ব্যাংক পিএলসি, নারায়ণগঞ্জ শাখা

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার