Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

মাদারীপুরে চোর শনাক্তে খাওয়ানো হলো ‘রুটি পড়া’

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:৩৬ পিএম

মাদারীপুরে চোর শনাক্তে খাওয়ানো হলো ‘রুটি পড়া’

বিজ্ঞাপন

ঘরের তালা ভেঙে চুরি হয়েছে নগদ সাড়ে চার লাখ টাকা ও স্বর্ণালংকার। চোর শনাক্ত করতে শেষ পর্যন্ত ফকিরের পরামর্শে সন্দেহভাজন ব্যক্তিদের খাওয়ানো হয়েছে ‘রুটি পড়া’। মাদারীপুর সদর উপজেলার ধুরাইল ইউনিয়নের সরদারকান্দি এলাকায় এ ঘটনায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গত শনিবার দুপুরে সরদারকান্দি এলাকার বাসিন্দা মিঠু সরদারের বাড়িতে চুরির ঘটনা ঘটে। ওই সময় পরিবারের সদস্যরা একটি দাওয়াতে অংশ নিতে বাড়ির বাইরে ছিলেন। এ সুযোগে দুর্বৃত্তরা বাড়ির তালা ভেঙে ঘরে ঢুকে নগদ ৪ লাখ ৫০ হাজার টাকা ও বেশ কিছু স্বর্ণালংকার নিয়ে যায়।

চুরির পর আশপাশের লোকজনের কাছে খোঁজখবর নিয়েও কোনো সূত্র পাননি পরিবারের সদস্যরা। পরে ফকিরের পরামর্শে এলাকার সন্দেহভাজন ব্যক্তিদের রুটি পড়া খাওয়ানোর আয়োজন করেন তারা। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে তাদের এ রুটি খাওয়ানো হয়।

প্রচলিত বিশ্বাস অনুযায়ী, যে ব্যক্তি চুরি করেছে, সে এই রুটি খেতে পারবে না। খেলে তার মুখ দিয়ে রক্ত বের হবে। তবে এ পদ্ধতির কোনো বৈজ্ঞানিক ভিত্তি নেই।

মিঠু সরদার বলেন, তাদের ধারণা, এলাকার কেউ এ চুরির সঙ্গে জড়িত থাকতে পারে। কিন্তু কাউকে চুরি করতে দেখেননি তারা। অনেক খোঁজাখুঁজি করেও কোনো উপায় না পেয়ে ফকিরের পরামর্শে রুটি পড়া খাওয়ানোর সিদ্ধান্ত নেন। কাউকে উদ্দেশ করে নয়, চোর শনাক্তের আশায় এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দা নাদিরা আক্তার বলেন, দিনদুপুরে চুরির ঘটনায় তারা আতঙ্কিত। প্রয়োজনের তাগিদে বাড়ির বাইরে গেলেও নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় থাকতে হয়। চুরি যাওয়া মালামাল উদ্ধার ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

এ বিষয়ে গণপূর্ত বিভাগের মসজিদের ইমাম জসিম মিয়া বলেন, রুটি পড়া বা চাল পড়া খাওয়ানোর মতো পদ্ধতি কুসংস্কার। রাসুলুল্লাহ (সা.) কিংবা সাহাবায়ে কেরামের যুগে চোর ধরতে এমন পদ্ধতি ব্যবহারের কোনো প্রমাণ নেই। এ ধরনের কাজ ইসলামি শরিয়তসম্মত নয় এবং এতে মানুষের ঈমান নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে।

মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম আজাদ বলেন, এ ঘটনায় থানায় কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার