বিজ্ঞাপন
পাঁচ ছাত্র সংসদ নেতাদের নিয়ে বসছেন ডা. শফিকুর রহমান
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০১ পিএম
বিজ্ঞাপন
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাবিসহ দেশের পাঁচটি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করবেন।
আগামীকাল শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ‘বিয়ন্ড ক্যাম্পাস: লিডিং টুমরো’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে।
সংশ্লিষ্টরা জানিয়েছেন, তরুণ নেতৃত্বের বিকাশ, ছাত্রসমাজের ভাবনা, আগামীর বাংলাদেশ বিনির্মাণ ও ভবিষ্যৎ রাজনীতি নিয়ে আলোচনা করতেই এ আয়োজন।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু), রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের (জকসু) নির্বাচিত প্রতিনিধিরা অংশ নেবেন।
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও ডাকসুর জিএস এস এম ফরহাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বিরোধীদলীয় নেতার সঙ্গে আনুষ্ঠানিকভাবে বসবেন ছাত্র সংসদের নেতারা। ইতিমধ্যেই সবাই দাওয়াত পেয়েছেন। আমরা ছাত্ররাজনীতি, ক্যাম্পাসের পরিস্থিতি ও আগামীর নেতৃত্বসহ নানা বিষয়ে বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করব।’
এর আগে বৃহস্পতিবার ডাকসুর ভিপি সাদিক কায়েম নিজের ফেসবুক পোস্টে এ আয়োজনের কথা জানান। তিনি বলেন, ‘পাঁচটি ক্যাম্পাসের নির্বাচিত ছাত্র সংসদ প্রতিনিধিদের নিয়ে অনুষ্ঠানটি একটি মিলনমেলায় পরিণত হবে।’