Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

কুমিল্লা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, বিবির বাজার স্থলবন্দরে বিএনপির অবস্থান

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ০৭:৫৯ পিএম

কুমিল্লা সীমান্তে বিজিবির বাড়তি সতর্কতা, বিবির বাজার স্থলবন্দরে বিএনপির অবস্থান

বিজ্ঞাপন

পালাতক মৃত্যুদণ্ড আসামি শেখ হাসিনার দেশে ফেরার গুঞ্জন এবং আওয়ামী লীগ নেতাদের সম্ভাব্য অনুপ্রবেশ ঠেকাতে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরসহ সীমান্ত এলাকায় বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে রাতভর টহল জোরদার করা হয়েছে। পাশাপাশি সীমান্তের গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর পয়েন্টগুলোতে অবস্থান ও পাহারা দেওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেল থেকে বিবির বাজার স্থলবন্দরসহ সীমান্তের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে অবস্থান নেন বিএনপির নেতা-কর্মীরা। এর আগে বিকেলে স্থলবন্দর এলাকায় বিক্ষোভ মিছিল বের করা হয়।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের নেতৃত্বে ওই মিছিলে ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দলসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন। অবস্থান ও মিছিল চলাকালে নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন।

মিছিল শেষে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগের শীর্ষ নেতা-কর্মীরা কুমিল্লাসহ দেশের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করতে পারেন। তাই কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী জুলাই আন্দোলনে অংশগ্রহণকারী, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-কর্মী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে আমরা বিবির বাজার স্থলবন্দরসহ কুমিল্লার বিভিন্ন সীমান্তে পাহারা দিচ্ছি। আমাদের এই কর্মসূচি আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।

এদিকে সীমান্তে নিরাপত্তা জোরদারে তৎপরতা বাড়িয়েছে বিজিবির ১০ ব্যাটালিয়ন। সীমান্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ডিসেম্বর মাসকে সামনে রেখে এবং সার্বিক পরিস্থিতি বিবেচনায় সীমান্তে দিন-রাত নজরদারি বাড়ানো হয়েছে। রাতের অন্ধকারে স্পর্শকাতর পয়েন্টগুলোতে সার্চলাইট জ্বালিয়ে টহল দিচ্ছেন বিজিবি সদস্যরা। অবৈধ অনুপ্রবেশ, চোরাচালান এবং যেকোনো ধরনের অপতৎপরতা প্রতিরোধে নিয়মিত টহলের পাশাপাশি সীমান্তের সার্বিক গতিবিধির ওপর কড়া নজর রাখা হচ্ছে।

বিজিবির কঠোর নজরদারির পাশাপাশি রাজনৈতিক দলগুলোর এমন অবস্থানের কারণে কুমিল্লা সীমান্ত এলাকায় বাড়তি তৎপরতা লক্ষ করা যাচ্ছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার