বিজ্ঞাপন
বিএনপি কার্যালয়ে আগুনের ভিডিও ভাইরাল, ঘটনাকে ‘গুজব’ বললেন সভাপতি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৮ পিএম
বিজ্ঞাপন
বগুড়ার নন্দীগ্রামে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ ঘিরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে আগুনের একটি ভিডিও। তবে দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা অস্বীকার করে বিএনপি বলছে, কার্যালয়ে নয়, প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে ড্রেনে জমে থাকা ময়লার স্তূপে আগুন দেওয়া হয়েছিল। এ ঘটনাকে কেন্দ্র করে দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার খবরটি গুজব বলে দাবি করেছেন উপজেলা বিএনপির সভাপতি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে নন্দীগ্রাম ফিলিং স্টেশন এলাকায় অবস্থিত উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার জানান, দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি। কার্যালয় থেকে প্রায় ৭০ থেকে ৮০ ফুট দূরে একটি ড্রেনে ময়লার স্তূপ ছিল। সেখানে কে বা কারা আগুন জ্বালিয়ে দেয়। সেই ঘটনাকেই দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা বলে প্রচার করা হচ্ছে।
তিনি আরও জানান, দলীয় কার্যালয়ে আগে থেকেই কিছু পুরোনো ও ভাঙা চেয়ার-টেবিল এবং ব্যানার-ফেস্টুন রয়েছে। সেগুলো মঙ্গলবার রাতের আগুন বা হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে। তবে এসব তথ্য সঠিক নয়। তাঁর দাবি, পুরোনো চেয়ার-টেবিল ও ব্যানার-ফেস্টুন অনেক আগে আওয়ামী লীগের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল। দলীয় কার্যালয়ে নতুন করে অগ্নিসংযোগের কোনো ঘটনা ঘটেনি।
আলাউদ্দিন সরকার বলেন, ড্রেনে থাকা ময়লার স্তূপে আগুন দেওয়ার ঘটনায় কারা জড়িত, তা শনাক্ত করতে পুলিশ ও বিএনপি নেতাকর্মীরা একযোগে কাজ করছেন।
এদিকে, ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, অন্তত দুই যুবক উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে আগুন দিচ্ছেন। এ সময় কার্যালয়ের সামনের ব্যানার-ফেস্টুনে আগুন জ্বলতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়।
তবে ভিডিওর বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি আলাউদ্দিন সরকার দাবি করেন, আগুন দলীয় কার্যালয়ের কিছুটা সামনে জ্বলছিল। ভিডিওটি এমনভাবে ধারণ করা হয়েছে, যাতে দেখে মনে হচ্ছে দলীয় কার্যালয়ে আগুন দেওয়া হয়েছে। বাস্তবে কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেনি।
এ বিষয়ে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনায় এখন পর্যন্ত কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। আগুন কারা লাগিয়েছে, সে বিষয়ে বিএনপির পক্ষ থেকে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, এ ঘটনায় কারা জড়িত, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। সুনির্দিষ্ট অভিযোগ না পাওয়ায় কাউকে আটক করার অভিযান চালানো সম্ভব হয়নি।