Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

বহিষ্কৃত নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি, রুমিনের রহস্যময় স্ট্যাটাস

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ১০:১৬ পিএম

বহিষ্কৃত নেতাদের দলে ফেরাচ্ছে বিএনপি, রুমিনের রহস্যময় স্ট্যাটাস

বিজ্ঞাপন

বিভিন্ন গণমাধ্যমে বিএনপি থেকে বহিষ্কৃত অর্ধশতাধিক নেতাকে দলে ফিরিয়ে নেওয়ার উদ্যোগের খবরের মধ্যে রহস্যময় এক ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও বিএনপির সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা।

বুধবার (২৫ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে তিনি লিখেছেন, ‘হাঁস যেখানে আমি সেখানে’। তার এই চার শব্দের স্ট্যাটাস নেটিজেনদের মনে রহস্যের জন্ম দিয়েছে।

দলীয় সূত্রের বরাতে জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া এবং বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কাজ করায় বহিষ্কৃত নেতাদের একটি অংশকে আবারও দলে ফেরানোর চিন্তাভাবনা করছে বিএনপি। এ তালিকায় সাবেক সংসদ সদস্য ও স্থানীয় পর্যায়ের প্রভাবশালী নেতাসহ অর্ধশতাধিক নেতা রয়েছেন।

দলে ফেরানোর আলোচনায় থাকা নেতাদের মধ্যে রয়েছেন সাইফুল ইসলাম ফিরোজ, হাসান মামুন, সাইফুল আলম নিরব ও তাইফুল ইসলাম টিপু। দলীয় সূত্র বলছে, তৃণমূলের বিভেদ কমানো, সাংগঠনিক ঐক্য ফিরিয়ে আনা এবং স্থানীয় সরকার নির্বাচনের আগে দলকে আরও শক্তিশালী করতেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এ বিষয়ে বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ঘোষণা দেওয়া হয়নি।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) দেওয়া আরেকটি ফেসবুক পোস্টও আলোচনায় এসেছে। সেখানে তিনি বিএনপিতে ফেরার বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন। রুমিন লেখেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন, আমি দলে ফিরব কি না? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনো আবেদন করিনি।’

তিনি আরও লেখেন, ‘আমার কোনো কথা বা আচরণে আবার বিএনপিতে ফিরব এমন মনে করার কোনো কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন, তার জন্য আমার শুকরিয়ার শেষ নেই।’

নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হওয়া বিএনপির সাতজন নেতা সংসদ সদস্য নির্বাচিত হন। তাদের মধ্যে রয়েছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের রুমিন ফারহানা, টাঙ্গাইল-৩ আসনের লুৎফর রহমান খান আজাদ, কিশোরগঞ্জ-৫ আসনের শেখ মুজিবুর রহমান ইকবাল, চাঁদপুর-৪ আসনের আবদুল হান্নান, কুমিল্লা-৭ আসনের আতাউল আলম শাওন, ময়মনসিংহ-১ আসনের সালমান ওমর রুবেল এবং দিনাজপুর-৫ আসনের এ জেড এম রেজওয়ানুল হক।

দলীয় সূত্রের দাবি, রুমিন ফারহানা ছাড়া অন্য কয়েকজনকে দলে ফেরানোর বিষয়ে আলোচনা চলছে। তবে কারা ফিরছেন, কবে ফিরছেন—সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

এদিকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে স্বতন্ত্র প্রার্থী হয়ে যারা বহিষ্কৃত হয়েছিলেন, তাদের প্রায় সবাই দলে ফেরার আবেদন করেছেন। তবে প্রতিটি আবেদনের ধরন ও প্রেক্ষাপট এক নয়। যাদের বহিষ্কারাদেশ প্রত্যাহার করা জরুরি কিংবা যাদের অপরাধ ততটা গুরুতর নয়, তাদের আবেদন গুরুত্ব দিয়ে বিবেচনা করা হচ্ছে।

বহিষ্কৃত নেতাদের ফেরানোর উদ্যোগের মধ্যেই রুমিনের রহস্যময় স্ট্যাটাস নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। যদিও নিজের বুধবারের পোস্টের অর্থ বা ইঙ্গিত নিয়ে তিনি বিস্তারিত কিছু জানাননি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার