বিজ্ঞাপন
‘মাইগ্রেন সারাতে’ যুবলীগ নেত্রীকে বাসায় আসতে বলা সেই ওসি প্রত্যাহার
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৬ পিএম
বিজ্ঞাপন
ফেনীর দাগনভূঞা থানার ওসি ফয়জুল আজিম নোমান এবং কার্যক্রম নিষিদ্ধ দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির একটি কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
ভাইরালের পর ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমানকে প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) সাইফুল ইসলাম।
তিনি বলেন, আপাতত ওসি ফয়জুল আজিম নোমানকে দাগনভূঞা থানা থেকে প্রত্যাহার করে জেলা পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। ফাঁস হওয়া ফোনালাপটি পরীক্ষা-নিরীক্ষা করে বিভাগীয় তদন্তসহ বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যরাতে প্রকাশিত ওই অডিওতে মামলা, কারাবাস, আর্থিক লেনদেন, পরিবারের সদস্যদের হুমকি ও অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়া নিয়ে দুজনের মধ্যে উত্তপ্ত কথোপকথন শোনা যায়। পাশাপাশি ওসির বিরুদ্ধে ওই নারী নেত্রীকে অন্তরঙ্গ সময় কাটানোর ইঙ্গিতপূর্ণ প্রস্তাব দেওয়ার অভিযোগও উঠে আসে। মাইগ্রেনের ব্যথা সারাতে ওসি তার বাসায় যেতে বলেন।
ফোনালাপে তাজকিয়া তানিন সনি দাবি করেন, একটি মামলায় তাকে কারাবাস করতে হয়েছে। জামিন পেতে ব্যয় হয়েছে দুই লাখ টাকা।
সাধারণ মামলা দেওয়ার শর্তে জনৈক হাসনাত তুহিনের মাধ্যমে ওসিকে দুই লাখ টাকা দিয়েছেন বলেও দাবি করেন তিনি। এছাড়া তিনি প্রায় আড়াই লাখ টাকা দেনার মধ্যে পড়েছেন বলে জানান।
ওই নারী নেত্রীর অভিযোগ, তুহিন ও পারভেজ নামের দুই ব্যক্তি তাকে এবং তার পরিবারের সদস্যদের বিভিন্নভাবে হয়রানি ও হুমকি দিচ্ছেন। এ বিষয়ে একাধিকবার থানায় অভিযোগ ও সাধারণ ডায়েরি (জিডি) করেও প্রতিকার পাননি। তার বোনকে মারধরের চেষ্টা এবং ফোনে গালিগালাজের অভিযোগও কথোপকথনে উঠে আসে।
অডিওতে সনিকে মামলার কারণে আর্থিক ক্ষতি, সন্তানদের ভবিষ্যৎ ও পরিবারের অসুস্থ সদস্যকে নিয়ে উদ্বেগ প্রকাশ করতে শোনা যায়। একপর্যায়ে আর্থিক সংকটের কথা তুলে ধরে কিডনি বিক্রি করে টাকা পরিশোধের কথাও বলেন তিনি।
অন্যদিকে, ওসি ফয়জুল আজিম নোমানকে ওই নারী নেত্রীর সঙ্গে আলাদাভাবে কথা বলতে এবং রাজনীতি, স্বার্থ ও অর্থের বিষয় বিবেচনার বাইরে থেকে যোগাযোগ রাখার কথা বলতে শোনা যায়। কথোপকথনে তিনি বিষয়টি প্রকাশ্যে এলে তার পেশাগত ও ব্যক্তিগত ক্ষতি হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন।
এছাড়া থানার ভেতরে অবস্থিত সরকারি বাংলোয় তিনি একা আছেন উল্লেখ করে সনিকে সেখানে যাওয়ার জন্য বলতে শোনা যায়। একপর্যায়ে বাংলোর অবস্থান জানানো এবং সেখানে যাওয়ার পরিবহনব্যবস্থা নিয়েও কথা বলেন ওসি। কথোপকথনে যুবলীগ নেতা পারভেজ সাবেক ছাত্রদল নেতা জামশেদুর রহমান ফটিকের হেফাজতে রয়েছেন বলেও উল্লেখ করা হয়।
ফোনালাপের আরেক পর্যায়ে তাসলিফ নামের এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ এবং দুই লাখ টাকা লেনদেনের বিষয়টি কাউকে না জানানোর প্রসঙ্গ তোলেন ওই নারী নেত্রী। তার স্বামী যুবলীগ নেতা পারভেজের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানান তিনি।
তবে ওসি ফয়জুল আজিম নোমান ওই নারী নেত্রীর কাছ থেকে কোনো টাকা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি, কার মাধ্যমে টাকা লেনদেন হয়েছে এবং নাশকতার পরিকল্পনায় কারা জড়িত, সে বিষয়ে তথ্য জানতে ওই নারীকে থানায় আসতে বলেছিলেন।
অন্যদিকে, যুবলীগ নেত্রী তাজকিয়া তানিন সনি অভিযোগ করেন, তাকে থানার ভেতরে আটকে রেখে শ্লীলতাহানির চেষ্টা করেছিলেন ওসি। এক রাত থানায় অবস্থানের সময় তাকে মোবাইলফোন ও ইন্টারনেট ব্যবহারের সুযোগ দেওয়া হয়েছিল বলেও দাবি করেন।
এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও ওসির কঠোর বিচার দাবি করে সনি বলেন, ভবিষ্যতে যেন আর কোনো নারীকে এ ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে না হয়।