বিজ্ঞাপন
৫ লাখ কর্মী নেবে ইতালি, বাংলাদেশিরা যেভাবে পাবেন কাজের সুযোগ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পিএম
বিজ্ঞাপন
২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে প্রায় পাঁচ লাখ বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা করেছে ইতালি সরকার। দেশটির কৃষি, পর্যটন, পরিবহন, শিল্প ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ পাবেন বাংলাদেশিরাও।
ইতালির ‘ফ্লো ডিক্রি’র আওতায় বিদেশি কর্মী নিয়োগের এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। ২০২৭ সালে দেশটিতে ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার কোটা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৭৬ হাজার ২০০ জন অমৌসুমি, ৮৯ হাজার জন মৌসুমি এবং ৬৫০ জন স্বনিয়োজিত কর্মী।
২০২৭ সালের কর্মী নিয়োগের জন্য অনলাইন আবেদনপত্রের প্রাথমিক তথ্য পূরণ শুরু হয়েছে ২৩ অক্টোবর। এ কার্যক্রম চলবে ৭ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত। তবে এ পর্যায়ে আবেদন করবেন ইতালির নিয়োগকর্তারা।
নির্ধারিত সূচি অনুযায়ী, কৃষি খাতে মৌসুমি কর্মীর আবেদন জমা নেওয়া হবে ১২ জানুয়ারি ২০২৭। পর্যটন খাতে ৯ ফেব্রুয়ারি, বিভিন্ন খাতে অমৌসুমি কর্মীর জন্য ১৬ ফেব্রুয়ারি এবং পারিবারিক পরিচর্যা খাতে ১৮ ফেব্রুয়ারি আবেদন জমা নেওয়া হবে।
ইতালির ফ্লো ডিক্রি ব্যবস্থায় বিদেশি কর্মী নিয়োগের আবেদন সরাসরি কর্মী করেন না। দেশটির কোনো বৈধ নিয়োগকর্তা প্রথমে কর্মীর জন্য কাজের অনুমতিপত্র বা ‘নুল্লা ওস্তা’র আবেদন করেন।
এ জন্য নিয়োগকর্তাকে ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনলাইন পোর্টালে কর্মী ও চাকরিসংক্রান্ত তথ্য দিয়ে আবেদন করতে হয়। আবেদন অনুমোদিত হলে কর্মী নিজ দেশ থেকে ভিসার জন্য প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে পারেন।
অর্থাৎ, বাংলাদেশ থেকে কেউ ইতালিতে কাজের জন্য যেতে চাইলে প্রথমে বৈধ নিয়োগকর্তা ও চাকরির প্রস্তাব নিশ্চিত করতে হবে। এরপর নিয়োগকর্তার মাধ্যমে কাজের অনুমতিপত্রের আবেদন করতে হবে।
ইতালিতে কাজের সুযোগ পেতে কারিগরি দক্ষতা ও ভাষাজ্ঞান গুরুত্বপূর্ণ। কৃষি, পর্যটন, পরিবহন ও পরিচর্যাসহ বিভিন্ন খাতে কাজের ধরন অনুযায়ী প্রশিক্ষণ নেওয়ার পরামর্শ দিচ্ছেন অভিবাসনসংশ্লিষ্ট ব্যক্তিরা।
ঢাকার বাংলাদেশ-কোরিয়া টেকনিক্যাল ট্রেনিং সেন্টারে (বিকেটিটিসি) আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) অর্থায়নে কয়েকটি ট্রেডে ইতালীয় ভাষা ও কারিগরি প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
তবে কর্মী নিয়োগের কোটা থাকলেই সবার ভিসা নিশ্চিত নয়। নিয়োগকর্তার বৈধ আবেদন, নির্ধারিত কোটা, কাজের অনুমতি এবং ভিসার শর্ত পূরণের ওপর ইতালি যাওয়ার সুযোগ নির্ভর করবে।