বিজ্ঞাপন
সিএনজি রিজার্ভ করে বাসায় ডাকলেন মহিলা যুবলীগ নেত্রীকে
‘আঙ্কেল’ বলায় মনঃক্ষুণ্ন ওসি
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পিএম
বিজ্ঞাপন
ফেনীর দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়জুল আজিম নোমান ও দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তানিন সনির কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অডিওতে মাইগ্রেনের ব্যথা সারানোর কথা বলে সিএনজিচালিত অটোরিকশা রিজার্ভ করে সনিকে নিজের বাসায় আসতে বলেন ওসি। এ সময় সনি তাকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে মনঃক্ষুণ্ন হওয়ার কথাও শোনা যায়।
গতকাল মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসি ও তার কথোপকথনের অডিওটি ছড়িয়ে পড়ে।
ছড়িয়ে পড়া অডিওতে ওসি ফয়জুল আজিম নোমানকে বলতে শোনা যায়, ‘যত টাকা লাগে একটি সিএনজি রিজার্ভ করে সরাসরি বাসায় চলে আসো।’
এ সময় কোনো সমস্যা হবে কি না, তা জানতে চান যুবলীগ নেত্রী। জবাবে ওসি বলেন, ‘ওসি থাকলে সব ঠিক। কোনো সমস্যা হবে না।’ কথোপকথনের একপর্যায়ে সনি তাকে ‘আঙ্কেল’ সম্বোধন করলে তিনি মনঃক্ষুণ্ন হন।
এ ছাড়া অডিওতে দুই লাখ টাকা ঘুষ নেওয়ার পরও সন্ত্রাসবিরোধী আইনে মামলা দেওয়ার বিষয়েও দুজনের কথোপকথন শোনা যায়।
জানা গেছে, গত ১০ নভেম্বর রাত আনুমানিক ১টা ৫০ মিনিটে নিজ বাসা থেকে তাসকিরা তানিন সনিকে গ্রেপ্তার করে দাগনভূঞা থানা পুলিশ। পরে সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় তাকে আদালতে পাঠানো হয়। জামিনে মুক্তি পাওয়ার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে ওসি ও তার কথোপকথনের অডিওটি ছড়িয়ে পড়ে।
অডিও ছড়িয়ে পড়ার পর এক ভিডিও বার্তায় ওসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন তাসকিরা তানিন সনি। তিনি অভিযোগ করেন, গ্রেপ্তারের পর থানা হাজতে ওসি তার সঙ্গে শ্লীলতাহানি করেছেন এবং তাকে আলিঙ্গনের অনুরোধ করেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন দাগনভূঞা মডেল থানার ওসি ফয়জুল আজিম নোমান। কল রেকর্ডে নিজের কথোপকথনের বিষয়টি স্বীকার করে তিনি জানান, আসামিকে গ্রেপ্তার করতে ভিন্ন পন্থা অবলম্বন করেছেন। পুলিশের কার্যক্রম বাধাগ্রস্ত করতে ষড়যন্ত্র করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।