বিজ্ঞাপন
যেসব কারণে শেখ হাসিনার মুখপাত্রে মূল্যায়িত মোজাম্মেল আলী
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৫ নভেম্বর ২০২৬, ০৪:৪১ পিএম
বিজ্ঞাপন
আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক পরিচয়ের জটিলতা কাটাতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আনুষ্ঠানিক মুখপাত্র হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাজ্যে বসবাসরত একাউটেন্ট ও রাজনৈতিক বিশ্লেষক সৈয়দ মোজাম্মেল আলী। আওয়ামী লীগের শীর্ষ পর্যায়ের একাধিক সূত্রের বরাতে জানা গেছে, যুক্তরাজ্য ও ইউরোপজুড়ে দীর্ঘদিনের নেপথ্য লবিংগের পাশাপাশি দীর্ঘদিনের বিশ্বস্ততার মূল্যায়ন হিসেবে তাঁকে এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
ইংল্যান্ডের সারে কাউন্টির বাসিন্দা সৈয়দ মোজাম্মেল আলী গোপালগঞ্জের কাশিয়ানীর সন্তান এবং যুক্তরাজ্য আওয়ামী লীগের অন্যতম সহসভাপতি। যুক্তরাজ্য আওয়ামী লীগের রাজনীতিতে সিলেটি ও নন-সিলেটি বলয়ের মধ্যে যে সূক্ষ্ম বিভাজন রয়েছে, সেখানে নন-সিলেটি অংশের তিনজন জ্যেষ্ঠ নেতার মৃত্যুর পর বর্তমানে তিনিই ওই ধারার সবচেয়ে প্রবীণ ও সক্রিয় রাজনীতিক। লন্ডন ও ভারতে দলের গণমাধ্যমবিষয়ক কর্মকাণ্ড সামলাতে তুমুল সক্রিয় ও আগ্রহী স্যোশাল মিডিয়ায় দলের কর্মীদের কাছে জনপ্রিয় একজন সাবেক এমপিসহ বেশ কয়েকজন অপেক্ষাকৃত তরুণ নেতাকে পাশ কাটিয়ে তাঁকে এই পদে বসানোকে শেখ হাসিনার প্রতি দীর্ঘদিনের অনুগত এ প্রবীণ নেতাকে পুরস্কৃত করার পদক্ষেপ হিসেবেই দেখছেন দলটির রাজনৈতিক পর্যবেক্ষকেরা।
দলীয় সূত্রমতে, কয়েক বছর ধরে পর্দার আড়ালে থেকে শেখ হাসিনা ও আওয়ামী লীগের পক্ষে আন্তর্জাতিক মূলধারার সংবাদমাধ্যমগুলোর সঙ্গে সম্পর্ক রক্ষা, সাক্ষাৎকারের ব্যবস্থা করা এবং বৈশ্বিক সংবাদপ্রবাহ প্রভাবিত করার কাজ করে আসছিলেন সৈয়দ মোজাম্মেল আলী।
তবে গণমাধ্যম সংশ্লিষ্ট কোনো আনুষ্ঠানিক পদবি বা দলীয় পরিচয় না থাকায় বিদেশি সংবাদমাধ্যমগুলোর সঙ্গে কার্যকরভাবে কাজ করতে গিয়ে তিনি নিয়মিত প্রতিবন্ধকতার মুখে পড়ছিলেন। এ বিষয়ে আওয়ামী লীগের এক জ্যেষ্ঠ নেতা জানান, শেখ হাসিনা ও দলের পক্ষে আন্তর্জাতিক মূলধারার গণমাধ্যমে সাক্ষাৎকার ও সংবাদ প্রচারের বিষয়ে তিনি দীর্ঘদিন ধরে নেপথ্যে কাজ করছিলেন; কিন্তু সুনির্দিষ্ট কোনো পরিচয় বা আনুষ্ঠানিক পদ না থাকায় তাঁর পক্ষে কাজ চালিয়ে যাওয়া কঠিন হয়ে পড়েছিল। তাই গোপালগঞ্জের সন্তান হিসেবে তাঁর বিশ্বস্ততার পরিচয় ও দীর্ঘ অভিজ্ঞতা বিবেচনায় নিয়েই তাঁকে এই দায়িত্বে আনা হয়েছে।
আনুষ্ঠানিক নিয়োগের বিষয়ে প্রতিক্রিয়া জানতে মঙ্গলবার সন্ধ্যায় সৈয়দ মোজাম্মেল আলীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি। সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি এ প্রতিবেদককে জানান, এ সংক্রান্ত সবকিছুই আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে বলা হয়ে গেছে এবং নিজের নিয়োগ নিয়ে তিনি আর কোনো কথা বলতে চান না।
যুক্তরাজ্যের কোম্পানি নিবন্ধন নথি অনুযায়ী, ১৯৪৯ সালের জানুয়ারিতে জন্মগ্রহণ করা সৈয়দ মোজাম্মেল আলী একজন ব্রিটিশ নাগরিক এবং দক্ষিণ-পূর্ব ইংল্যান্ডের সারে কাউন্টিতে বসবাস করেন। তিনি বাংলাদেশের প্রখ্যাত চিকিৎসক এবং শেখ হাসিনার সাবেক উপদেষ্টা অধ্যাপক ডা. সৈয়দ মোদাচ্ছের আলীর ছোট ভাই।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনের অনেকটা নেপথ্য নিয়ন্ত্রক ছিলেন তিনি। এ সময়ে দক্ষিণ এশীয় কূটনৈতিক মহলে সৈয়দ মোজাম্মেল আলী প্রভাবশালী ব্যক্তি হিসেবে পরিচিতি পান। আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক গবেষণা ও অ্যাডভোকেসি সংগঠন ‘স্টাডি সার্কেল লন্ডন’-এর চেয়ারম্যান হিসেবে তিনি যুক্তরাজ্য ও ইউরোপীয় পার্লামেন্টে অসংখ্য সেমিনার ও নীতি-নির্ধারণী আলোচনার আয়োজন করেন। এসব প্ল্যাটফর্ম এবং বিদেশি গণমাধ্যমে প্রকাশিত নিবন্ধের মাধ্যমে তিনি নিয়মিত তৎকালীন আওয়ামী সরকারের নীতিমালার পক্ষে অবস্থান নিতেন এবং দলের বিরুদ্ধে আন্তর্জাতিক সমালোচনার জবাব দিতেন। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন এবং শেখ হাসিনার ভারতে চলে যাওয়ার পর বাংলাদেশে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত হলে মোজাম্মেল আলী আরও প্রকাশ্যে এসে শেখ হাসিনার রাজনৈতিক অবস্থানের পক্ষে বিবৃতি দিতে শুরু করেন।
গত মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রথমবারের মতো শেখ হাসিনার দেশে ফেরার সুনির্দিষ্ট তারিখ ঘোষণার পরপরই আনুষ্ঠানিকভাবে আলোচনায় আসেন সৈয়দ মোজাম্মেল আলী। মুখপাত্র হিসেবে তিনি জানান, বাংলাদেশের মহান বিজয় দিবস উপলক্ষে আগামী ১৬ ডিসেম্বর ভারত থেকে দেশে ফিরতে চান শেখ হাসিনা। তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের একটি উড়োজাহাজে করেই শেখ হাসিনাকে ভারতে পাঠানো হয়েছিল; তাই এখন তিনি নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের ব্যবস্থা করতে ঢাকার সরকারের প্রতি আহ্বান জানাচ্ছেন।
উল্লেখ্য, সাবেক এই প্রধানমন্ত্রীর কাছে বর্তমানে কোনো বৈধ পাসপোর্ট বা সাধারণ ভ্রমণ নথিপত্র নেই, যা তাঁর স্বাভাবিক সীমান্ত পারাপারকে জটিল করে তুলেছে। মোজাম্মেল আলীর যুক্তি হলো, বিশেষ পরিস্থিতিতে সংবিধানবহির্ভূতভাবে তাঁকে নির্বাসনে পাঠানো হয়েছিল বিধায় বিজয় দিবসে তাঁর দেশে ফেরার ব্যবস্থা করা এখন বাংলাদেশ কর্তৃপক্ষেরই দায়িত্ব। তবে তাঁর এই ঘোষণাকে কেন্দ্র করে ঢাকায় তীব্র রাজনৈতিক ও আইনি বিতর্ক শুরু হয়েছে। ২০২৪ সালের জুলাই-আগস্ট অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কর্তৃক অনুপস্থিতিতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনার বিষয়ে ঢাকার সরকারি কর্মকর্তারা সাফ জানিয়ে দিয়েছেন যে, দেশে ফেরামাত্রই তাঁকে গ্রেপ্তার করা হবে এবং রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কোনো ফ্লাইটে নয়, বরং আনুষ্ঠানিক প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই তাঁকে ফিরতে হবে।