Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইট নেই, ফিরবেন কীভাবে শেখ হাসিনা?

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পিএম

১৬ ডিসেম্বর বিমানের ফ্লাইট নেই, ফিরবেন কীভাবে শেখ হাসিনা?

বিজ্ঞাপন

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে মৃত্যুদণ্ডাদেশ নিয়ে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। আগামী ১৬ ডিসেম্বর বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে দেশে ফেরার ব্যবস্থা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের বরাতে এ খবর প্রকাশের পর নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে ওই দিন ঢাকা-দিল্লি রুটে বিমানের কোনো নিয়মিত ফ্লাইট নেই।

বর্তমান সূচি অনুযায়ী, এ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সাপ্তাহিক ফ্লাইট চলে দুই দিন। বৃহস্পতিবার ঢাকা থেকে দিল্লি যায় এবং শুক্রবার ফিরতি ফ্লাইট পরিচালিত হয়। ১৬ ডিসেম্বর বুধবার হওয়ায় ওই দিন নিয়মিত ফ্লাইট নেই।

তবে নির্ধারিত সময়সূচির বাইরে বিশেষ ফ্লাইট পরিচালনার সুযোগ রয়েছে। রাষ্ট্রীয় প্রয়োজন বা বিশেষ পরিস্থিতিতে এ ধরনের ফ্লাইট পরিচালনা করা যায়। এ জন্য উড়োজাহাজ, পাইলট ও কেবিন ক্রু নির্ধারণের পাশাপাশি প্রয়োজনীয় পরিচালনাগত প্রস্তুতি নিতে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, দিল্লিতে ফ্লাইট পাঠাতে ভারতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।

বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম বলেন, পূর্বানুমতি ছাড়া কোনো উড়োজাহাজ অন্য দেশের আকাশসীমায় প্রবেশ করতে পারে না। ফ্লাইটের সময়, রুট ও গন্তব্যসহ প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগে থেকেই জানাতে হয়।

তবে শেখ হাসিনার ক্ষেত্রে বিষয়টি শুধু বিমান পাঠানোর মধ্যে সীমাবদ্ধ নয়। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রত্যর্পণের আইনি প্রক্রিয়াও সম্পন্ন করতে হবে। অর্থাৎ বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিশেষ ফ্লাইট পরিচালনার সুযোগ থাকলেও ভারতের সম্মতি ছাড়া তাকে ফিরিয়ে আনা সম্ভব নয়।

সরকারের অবস্থানও স্পষ্ট। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, শেখ হাসিনা নিজের ইচ্ছামতো সাধারণ যাত্রী হয়ে দেশে ফিরতে পারবেন না। তাকে প্রত্যর্পণ প্রক্রিয়ার মাধ্যমেই ফিরতে হবে। দেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে নিরাপত্তার আওতায় নেওয়া হবে।

অন্যদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানিয়েছেন, শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে বিমান, হেলিকপ্টার কিংবা বাস পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আলোচনা হয়নি। তিনি বলেন, ‘আসুক না, আসলে অ্যারেস্ট হয়ে জেলে যাবে।’

এদিকে বিবিসি বাংলার এক প্রতিবেদনে দাবি করা হয়েছিল, শেখ হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে ভারত দুটি শর্ত দিয়েছে। এর মধ্যে একটি হলো, তাকে নিতে সামরিক বিমান পাঠাতে হবে। তবে এ বিষয়ে ভারত সরকারের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন শামা ওবায়েদ।

সব মিলিয়ে ১৬ ডিসেম্বর বিমানের নিয়মিত ফ্লাইট না থাকলেও বিশেষ ফ্লাইট পরিচালনা কারিগরিভাবে সম্ভব। তবে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রত্যর্পণ প্রক্রিয়া, ভারতের সম্মতি এবং দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক সিদ্ধান্ত।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার