Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

নারীদের ছবি ব্যবহার করে ডেটিং সাইটে প্রতারণা, গ্রেপ্তার ৭

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৫৮ পিএম

নারীদের ছবি ব্যবহার করে ডেটিং সাইটে প্রতারণা, গ্রেপ্তার ৭

বিজ্ঞাপন

ময়মনসিংহে ‘মেগা পার্সনাল’ নামের একটি ডেটিং সাইটে নারীদের ছবি ও পরিচয় ব্যবহার করে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে প্রতারণার অভিযোগে সংঘবদ্ধ চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

এ সময় প্রতারণার কাজে ব্যবহৃত তিনটি ল্যাপটপ, সাতটি মোবাইল ফোন এবং নারীদের বিভিন্ন আপত্তিকর ছবি উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুরে নিজ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান।

এর আগে সোমবার রাতে নগরীর সেনবাড়ি এলাকায় নুরুল হুদার মালিকানাধীন একটি ভবনের ষষ্ঠ তলায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুপার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলা ডিবি পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, টাঙ্গাইলের ঘাটাইলের উত্তর লক্ষ্মীন্দরের মনির হোসেন (২৩), বরিশালের মুলাদীর চরকালেখানের মাসুদ আল মাহফুজ (২৫), ময়মনসিংহের ফুলবাড়ীয়ার তানভীর আহমেদ (২৫), জিহুর রহমান জনি (২৭), টাঙ্গাইলের ঘাটাইলের মজনু (২৬), ময়মনসিংহের ফুলবাড়ীয়ার নাঈম মন্ডল (২৪) এবং ফুলপুরের রাকিব (২০)।

পুলিশ সুপার আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা ‘মেগা পার্সনাল’ ডেটিং সাইট ব্যবহার করে নারীদের ছবি ও পরিচয় দিয়ে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে যোগাযোগ করে প্রতারণার মাধ্যমে অর্থ হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছেন। প্রায় শতাধিক ব্যক্তির কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছে চক্রটি।

এ চক্রের সঙ্গে কয়েকজন নারীও জড়িত রয়েছেন। এ চক্রের সঙ্গে জড়িত অন্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তাঁদেরও পর্যায়ক্রমে আইনের আওতায় আনা হবে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। দীর্ঘদিন ধরে অনলাইন প্রতারণায় ব্যবহৃত মোবাইল ফোন ও ল্যাপটপ ফরেনসিক পরীক্ষা করা হবে। পাশাপাশি সাইবার আইনে মামলা দায়েরের প্রক্রিয়াও চলমান রয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার