Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শেখ হাসিনার ফেরার ঘোষণাকে ঘিরে বাংলাদেশে সহিংসতা, নেপথ্যে কী?

Icon

জাগো বাংলা ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৮:৪৯ পিএম

শেখ হাসিনার ফেরার ঘোষণাকে ঘিরে বাংলাদেশে সহিংসতা, নেপথ্যে কী?

বিজ্ঞাপন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনা এবং সরকারের পক্ষ থেকে তা প্রত্যাখ্যানের পর বাংলাদেশে রাজনৈতিক উত্তেজনা ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে আধাসামরিক বাহিনী মোতায়েন করেছে সরকার। এক সপ্তাহের সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। হামলা হয়েছে পুলিশ স্টেশন, ব্যাংক এমনকি সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান ও নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতেও।

 শেখ হাসিনার দল আওয়ামী লীগের সমর্থকেরা সরকারবিরোধী কর্মসূচির অংশ হিসেবে রাজপথে নামার পর সহিংসতার সূত্রপাত হয়। এক সপ্তাহের ওই কর্মসূচি গত বছর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের বার্ষিকীর সময়ের সঙ্গে মিলে যায়। ২০২৪ সালের শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের দায়ে ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেন।

চলতি মাসের শুরুতে দেশে ফেরার জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন করেন শেখ হাসিনা। ২০২৪ সালের জুলাইয়ে শিক্ষার্থী নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন।

তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার বলছে, শেখ হাসিনা একজন দণ্ডিত অপরাধী। ভারতের সঙ্গে প্রত্যর্পণ চুক্তির আওতায় ছাড়া তার দেশে ফেরার সুযোগ নেই।

সহিংসতার জন্য ভারতকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার জাতীয় সংসদে তিনি বলেন, ‘শুধু তা-ই নয়, তারা বাংলাদেশের ও এ দেশের মানুষের স্বার্থের দিকেও নজর দেয়নি। একই সঙ্গে সীমান্তের ওপারের যে দেশে তারা পালিয়ে গেছে, সেই দেশই তাদের প্রভু। সেই প্রভুদের সন্তুষ্ট করতে তারা আবারও বাংলাদেশ ও এ দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছে।’

কেন এখনো দেশে ফিরতে চাইছেন শেখ হাসিনা? সাম্প্রতিক বিক্ষোভ কি স্বতঃস্ফূর্ত, নাকি পরিকল্পিত? এসব প্রশ্ন সামনে রেখে পরিস্থিতির বিশ্লেষণ তুলে ধরেছে আলজাজিরা।

প্রাণঘাতী বিক্ষোভে কী ঘটেছে?

নভেম্বরের মাঝামাঝি থেকে বাংলাদেশের ২৮টি জেলায় অগ্নিসংযোগ ও সহিংসতার খবর পাওয়া গেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ১৪ নভেম্বরের পর থেকে রাজনৈতিক সহিংসতায় অন্তত চারজন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিনজন রাজনৈতিক কর্মী এবং একজন বাসকর্মী। বাসে আগুন দেওয়ার ঘটনায় ওই বাসকর্মীর মৃত্যু হয়।

বার্তা সংস্থা এএফপির খবর অনুযায়ী, নড়াইল জেলায় ক্ষমতাসীন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) দুই কর্মী নিহত হয়েছেন। এর প্রতিশোধ হিসেবে বিএনপির সমর্থকেরা ওই জেলায় আওয়ামী লীগ সমর্থকদের এক ডজনের বেশি বাড়িতে আগুন দিয়েছেন।

প্রতিশোধের আশঙ্কায় নাম প্রকাশ না করার শর্তে নড়াইলের এক বাসিন্দা এএফপিকে বলেন, জেলায় প্রায় ৫০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি বলেন, ‘সংঘর্ষের ঘটনায় আমরা আতঙ্কিত। একান্ত প্রয়োজন না হলে নারী ও শিশুদের ঘরের বাইরে যেতে নিষেধ করেছি।’

বুধবার গভীর রাতে বন্দরনগরী চট্টগ্রামে ড. মুহাম্মদ ইউনূসের পৈতৃক বাড়িতে আগুন দেওয়ার কথা জানায় পুলিশ। তবে কারা এ আগুন দিয়েছে, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

চট্টগ্রাম মহানগর পুলিশের মুখপাত্র আমিনুর রশীদ বলেন, ‘দুষ্কৃতকারীরা বাড়িটির পূর্ব পাশের অংশে আগুন দিয়েছে। ওই অংশটি গুদাম হিসেবে ব্যবহার করা হতো।’ এ ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানান তিনি।

শেখ হাসিনার শাসনামলে ড. ইউনূসের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছিল। এরপর থেকে তার সমর্থকদের বিরোধিতার মুখে পড়েছেন তিনি। ড. ইউনূসের প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক জানিয়েছে, তাদের ২২টি শাখায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস জানিয়েছে, সারা দেশে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত ৯০ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে।

জাতীয় পুলিশপ্রধান মো. আলী হোসেন ফকির বাসসকে বলেন, শেখ হাসিনার নিজ জেলা ও আওয়ামী লীগের দীর্ঘদিনের ঘাঁটি গোপালগঞ্জে নিরাপত্তা পরিস্থিতি পুনরুদ্ধার করা হয়েছে। তিনি বলেন, ‘নাশকতা ও বিশৃঙ্খলায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য আমি এলাকার শান্তিপ্রিয় মানুষের প্রতি আহ্বান জানাচ্ছি।’

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের (আইইউবি) গ্লোবাল স্টাডিজ অ্যান্ড গভর্ন্যান্স বিভাগের প্রভাষক এবং যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান জেমসটাউন ফাউন্ডেশনের সহযোগী বিশ্লেষক খন্দকার তাহমিদ রেজওয়ান আলজাজিরাকে বলেন, সাম্প্রতিক বিক্ষোভ পুরোপুরি স্বতঃস্ফূর্ত বলে মনে হচ্ছে না।

তার ভাষ্য, ‘বিক্ষোভগুলো যদি সত্যিকার অর্থে স্বতঃস্ফূর্ত ও স্বাভাবিকভাবে সংগঠিত হতো, তাহলে দেশের বিভিন্ন অংশে আরও বিস্তৃত জনসম্পৃক্ততা ও অংশগ্রহণ দেখা যাওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত গোপালগঞ্জ, ফরিদপুর ও মাদারীপুরের মতো এলাকায় বিক্ষোভের ঘনত্ব বেশি। এসব এলাকা ঐতিহ্যগতভাবে আওয়ামী লীগের সমর্থনের শক্ত ঘাঁটি।’

তিনি বলেন, দেশের অন্যান্য জায়গায়ও বিচ্ছিন্ন বিক্ষোভ ও সমাবেশের খবর পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এসব কর্মসূচির পরিসর ও ভৌগোলিক বিস্তার দেশব্যাপী আন্দোলনের চেয়ে স্থানীয় পর্যায়ের অস্থিরতারই ইঙ্গিত দিচ্ছে।

আরও পড়ুন
তার মতে, জনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার দিক থেকে এসব ঘটনা উদ্বেগজনক হলেও এখন পর্যন্ত বিক্ষোভের ধরন এমন কোনো দেশব্যাপী গতি তৈরি করতে পারেনি, যা বর্তমান সরকারের অবস্থানকে মৌলিকভাবে চ্যালেঞ্জ জানাতে পারে।

কী কারণে সহিংসতা শুরু হলো?

গত ৯ নভেম্বর শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন সরকার প্রত্যাখ্যান করার পরপরই সাম্প্রতিক বিক্ষোভ শুরু হয়। শেখ হাসিনা ১৯৯৬ থেকে ২০০১ সাল এবং ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত প্রধানমন্ত্রী ছিলেন। তবে প্রায় ১৫ বছরের শাসনামলে তার বিরুদ্ধে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুমের অভিযোগ তুলে সমালোচনা করেছে বিভিন্ন মানবাধিকার সংস্থা।

২০২৪ সালের শিক্ষার্থী নেতৃত্বাধীন আন্দোলন দমনে প্রাণঘাতী অভিযান চালানোর ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে তার অনুপস্থিতিতে মৃত্যুদণ্ড দেওয়া হয়। জাতিসংঘের হিসাব অনুযায়ী, ওই সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষ নিহত হয়ে থাকতে পারেন।

তবে শেখ হাসিনা এসব অভিযোগ অস্বীকার করেছেন। ৯ নভেম্বর রয়টার্সকে তিনি জানান, বাংলাদেশে ফিরে আদালতে আত্মসমর্পণ করতে চান। তার সহযোগীরা জানিয়েছেন, প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ হলে দেশে ফেরার তারিখ ঘোষণা করা হবে।

কিন্তু বর্তমান সরকার তার আবেদন প্রত্যাখ্যান করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির চলতি মাসের শুরুতে বলেন, ‘হাজার হাজার মানুষকে হত্যা করে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের বাংলাদেশ পাসপোর্ট দেয় না। ভারতের সঙ্গে বিদ্যমান প্রত্যর্পণ ব্যবস্থার আওতায় সন্ত্রাসী শেখ হাসিনাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়া হবে।’

শেখ হাসিনার মৃত্যুদণ্ড নিশ্চিত করা ঢাকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. আমিনুল ইসলামও বলেছেন, দেশে ফিরলে তার সাজা কার্যকর করা হবে। তিনি সাংবাদিকদের বলেন, ‘শেখ হাসিনার রায় কার্যকর হওয়ার মুখোমুখি হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’

বিক্ষোভকারীরা শেখ হাসিনার দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং কারাগারে আটক দলটির নেতা-কর্মীদের মুক্তির দাবিও জানাচ্ছেন।

কেন দেশে ফিরতে চাইছেন শেখ হাসিনা?

বাংলাদেশের একাংশের মানুষের মধ্যে এখনো শেখ হাসিনার সমর্থন রয়েছে। আবার অনেকে তার মৃত্যুদণ্ড কার্যকর দেখতে চান। তার দেশে ফেরা প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের জন্য রাজনৈতিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে। ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের দুই বছর পর সরকার যখন দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে, তখন এ পরিস্থিতি নতুন চ্যালেঞ্জ তৈরি করতে পারে।

তবে শেখ হাসিনার দেশে ফেরার পরিকল্পনার পেছনে সুনির্দিষ্ট উদ্দেশ্য কী, তা স্পষ্ট নয়। কিছু বিশ্লেষক প্রশ্ন তুলেছেন, তিনি সত্যিই আইনের মুখোমুখি হতে দেশে ফিরতে চান কি না। অন্যদের ধারণা, ভারতে স্বেচ্ছানির্বাসনে থেকেও রাজনৈতিক অবস্থান পুনরুদ্ধারের কৌশল হিসেবে দেশে ফেরার ঘোষণা ব্যবহার করছেন তিনি।

দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ভারত ২০২৪ সালের আগস্টে ঢাকা ছাড়ার পর থেকে শেখ হাসিনাকে আশ্রয় দিয়ে আসছে। তবে তার ভারতে অবস্থান দুই দেশের সম্পর্কে বিরোধের একটি বড় কারণ হয়ে দাঁড়িয়েছে।

খন্দকার তাহমিদ রেজওয়ানের মতে, শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে নতুন করে গুরুত্ব দেওয়ার পেছনে একাধিক কারণ রয়েছে।

তিনি বলেন, ‘প্রথমত, দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি। বর্তমান সরকার ক্ষমতায় আসার প্রায় ১০ মাস পার হয়েছে। এ সময়ে সরকার মূল্যস্ফীতির চাপ, অর্থনৈতিক স্থবিরতা ও জ্বালানি সংকটসহ বেশ কিছু চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে। এসব সমস্যার সবই দেশের অভ্যন্তরীণ কারণে তৈরি হয়নি; বরং বৈশ্বিক অর্থনীতি ও ভূরাজনৈতিক পরিস্থিতির সঙ্গেও এগুলোর সম্পর্ক রয়েছে। কিন্তু সাধারণ মানুষের কাছে এসব জটিলতা ব্যাখ্যা করা কঠিন। দৈনন্দিন জীবনে এসব সমস্যার প্রভাব সরকারের প্রতি মানুষের আস্থা ও মনোবলকে প্রভাবিত করে।’

তিনি আরও বলেন, ‘দ্বিতীয়ত, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা বহাল থাকবে, নাকি দলটিকে আবার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার সুযোগ দেওয়া হবে, তা নিয়ে চলমান বিতর্ক।’

রেজওয়ান উল্লেখ করেন, কয়েকটি আন্তর্জাতিক পক্ষ ও নাগরিক সমাজের প্রতিনিধিরা আওয়ামী লীগের ওপর সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে দলটিকে মূলধারার রাজনীতিতে ফেরার সুযোগ দেওয়ার পক্ষে মত দিয়েছেন। তবে ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানে সংঘটিত নৃশংসতার জন্য দায়ীদের বিচার ও সাজা নিশ্চিত করার পর এমন সুযোগ দেওয়ার কথা বলা হচ্ছে।

তিনি বলেন, ‘তৃতীয়ত, ভারতের ভূমিকাও উপেক্ষা করা যায় না। ২০২৪ সালের আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর শেখ হাসিনা এবং পালিয়ে যাওয়া দলটির কয়েকজন নেতা-কর্মী ভারতের কাছ থেকে বিভিন্ন মাত্রায় সমর্থন পেয়ে আসছেন বলে খবর রয়েছে। শেখ হাসিনাকে নিরাপত্তা নিশ্চিত করে বাংলাদেশে ফেরানোর বিষয়ে নয়াদিল্লি কোনো সমঝোতার পথ খুঁজছে কি না, তা নিয়েও আলোচনা ও জল্পনা রয়েছে। এমনকি বাংলাদেশ সেনাবাহিনীর হেফাজতে তার নিরাপত্তা নিশ্চিত করার মতো ব্যবস্থার কথাও আলোচনায় এসেছে।’

তবে জ্যেষ্ঠ বাংলাদেশি কূটনীতিক মুশফিকুল ফজল আনসারী মনে করেন, শেখ হাসিনা তার সাজা ভোগ করতে দেশে ফিরতে চান না। আলজাজিরাকে তিনি বলেন, ‘আমার মূল্যায়নে, দেশে ফেরার কথা বলে তিনি সমর্থকদের সংগঠিত করতে এবং বাংলাদেশকে অস্থিতিশীল করতে চাইছেন।’

আনসারী বলেন, দেশের বাইরেও সহিংসতার বিস্তার ঘটেছে। পূর্ব লন্ডনের রমফোর্ডে আওয়ামী লীগ সমর্থকেরা সংসদ সদস্য নাহিদ ইসলামের সফরসঙ্গীদের ওপর হামলা চালিয়েছেন বলে খবর পাওয়া গেছে। নাহিদ ইসলাম শিক্ষার্থী নেতৃত্বাধীন গণ-অভ্যুত্থানের অন্যতম অংশগ্রহণকারী ছিলেন।

তিনি বলেন, ‘অগ্নিসংযোগ, হত্যাকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শনকে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে উপস্থাপন করা যায় না। প্রতিবেশী দেশটির উচিত, তাদের ভূখণ্ড যেন বাংলাদেশের বিরুদ্ধে সহিংসতা সংগঠিত বা উসকে দেওয়ার কাজে ব্যবহার না হয়, তা নিশ্চিত করা।’

আওয়ামী লীগের বিক্ষোভে কী রাজনৈতিক প্রভাব পড়তে পারে?

বিক্ষোভ নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েনের পাশাপাশি রাজনৈতিক ঐক্য তৈরির উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এর অংশ হিসেবে বিরোধী দল জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে বৈঠক করেছেন তিনি।

জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বাংলাদেশের সংবাদমাধ্যম ডেইলি স্টারকে জানিয়েছেন, দুই নেতা বৈঠকটিকে ইতিবাচকভাবে দেখেছেন। তাদের আশা, এ উদ্যোগ দেশের গণতন্ত্রকে শক্তিশালী করবে।

রোববার তিনি বলেন, ‘সবাইকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়ার উদ্দেশ্যে এ উদ্যোগ নেওয়া হলে তা ভালো হবে। আমরা বিষয়টিকে ইতিবাচকভাবে দেখতে চাই। উদ্যোগটির পেছনে সত্যিকার অর্থে ভালো উদ্দেশ্য থাকলে আমরা এর সফলতা কামনা করি।’

ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের বিশ্লেষক রেজওয়ান বলেন, আওয়ামী লীগের দৃষ্টিকোণ থেকে সবচেয়ে প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতি তৈরি হতে পারে বিএনপি ও জামায়াতে ইসলামীর রাজনৈতিক স্বার্থ এক জায়গায় মিলে গেলে। বিশেষ করে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ঘুরে দাঁড়াতে বাধা দেওয়ার স্বার্থে দল দুটি নিজেদের বিদ্যমান মতপার্থক্য দূরে সরিয়ে রাখলে তা আওয়ামী লীগের জন্য বড় চ্যালেঞ্জ হবে।

তিনি বলেন, ‘আওয়ামী লীগের বাইরে জামায়াতে ইসলামী বাংলাদেশের এমন কয়েকটি রাজনৈতিক সংগঠনের একটি, যাদের তৃণমূল পর্যায়ে প্রতিষ্ঠিত সাংগঠনিক কাঠামো, তুলনামূলক শৃঙ্খলাবদ্ধ কর্মীভিত্তি এবং রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার বিস্তৃত নেটওয়ার্ক রয়েছে। আওয়ামী লীগের নিজস্ব শক্তিশালী রাজনৈতিক নেটওয়ার্ক ও তৃণমূলের সমর্থন মোকাবিলায় দলটির উল্লেখযোগ্য সাংগঠনিক সক্ষমতা রয়েছে।’

রেজওয়ান আরও বলেন, আওয়ামী লীগের প্রতি জনগণের অবশিষ্ট সমর্থন কতটা রয়েছে, সেটিও গুরুত্বপূর্ণ বিষয়। শেখ হাসিনা দেশে ফিরলে রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় থাকলেও আদর্শিকভাবে আওয়ামী লীগের প্রতি সহানুভূতিশীল জনগোষ্ঠী কীভাবে প্রতিক্রিয়া জানাবে, তা দেখার বিষয়।

তার প্রশ্ন, ‘তার প্রত্যাবর্তনে কি আওয়ামী লীগের তৃণমূলের সমর্থকদের একটি অংশ আবার সক্রিয় হয়ে উঠবে, নাকি রাজনৈতিক বিচ্ছিন্নতা ও সাংগঠনিক বিপর্যয়ের কারণে দলটি তাদের সংগঠিত করতে ব্যর্থ হবে?’

তিনি বলেন, ‘শেষ পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক পুনরুত্থান ঠেকাতে বিএনপি ও জামায়াতের মধ্যে যেকোনো রাজনৈতিক সমঝোতা কতটা টেকসই ও কার্যকর হবে, তা শুধু শীর্ষ পর্যায়ের আলোচনার ওপর নির্ভর করবে না। দল দুটিকে নিজেদের পরস্পরবিরোধী স্বার্থ সামাল দেওয়ার পাশাপাশি বৃহত্তর ভোটারদের পরিবর্তিত মনোভাবের প্রতিও সাড়া দিতে হবে।’

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার