বিজ্ঞাপন
পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি কত হবে, মালিকপক্ষের প্রস্তাব জমা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৬ পিএম
বিজ্ঞাপন
তৈরি পোশাকশ্রমিকদের নতুন ন্যূনতম মজুরি নির্ধারণে মালিকপক্ষ তাদের প্রস্তাব জমা দিয়েছে। তবে প্রস্তাবে কত টাকা মজুরির কথা বলা হয়েছে, তা আপাতত প্রকাশ করা হচ্ছে না। দুই পক্ষের প্রস্তাব পর্যালোচনা করে যুক্তি ও পাল্টাযুক্তির ভিত্তিতে আলোচনা চালিয়ে যাচ্ছে ন্যূনতম মজুরি বোর্ড।
সোমবার (২৩ নভেম্বর) বোর্ডের তৃতীয় সভা শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী।
তিনি জানান, নির্ধারিত সময় অনুযায়ী বেলা সাড়ে ১১টায় সভা শুরু হয়। নামাজের বিরতিসহ বিকেল পর্যন্ত আলোচনা চলে। সভায় মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের পাশাপাশি বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন। তারা মজুরি নির্ধারণের বিভিন্ন দিক নিয়ে নিজেদের বিশ্লেষণ ও মতামত তুলে ধরেন।
চেয়ারম্যান বলেন, আগের দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষের প্রস্তাব আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছিল। সোমবারের সভায় মালিকপক্ষও তাদের প্রস্তাব জমা দিয়েছে। এখন উভয় পক্ষের বক্তব্য, যুক্তি ও পাল্টাযুক্তি পর্যালোচনা করা হচ্ছে।
মালিকপক্ষের প্রস্তাবে কত টাকা ন্যূনতম মজুরির কথা বলা হয়েছে, জানতে চাইলে তিনি বলেন, বোর্ডের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী এ মুহূর্তে প্রস্তাবের অঙ্ক প্রকাশ করা হবে না। আলোচনা শেষ হওয়ার পর বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী বিষয়টি জানানো হবে।
সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে মালিকপক্ষের প্রস্তাব নিয়ে ছড়িয়ে পড়া তথ্যকে বোর্ডের আনুষ্ঠানিক বক্তব্য হিসেবে বিবেচনা না করার আহ্বান জানান তিনি। এ বিষয়ে বোর্ডের পক্ষ থেকে দেওয়া আনুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর করতে বলেন চেয়ারম্যান।
মজুরি নির্ধারণে শ্রমিকদের স্বার্থকে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে জানিয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, তৈরি পোশাকশিল্পে প্রায় ৪০ লাখ শ্রমিক কাজ করেন। দেশের অন্য কোনো রপ্তানিমুখী খাতে এত বিপুলসংখ্যক শ্রমিক নিয়োজিত নেই। তাই তাদের দাবি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেই বোর্ড কাজ করছে।
তিনি বলেন, শ্রমিকদের দাবি, দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি এবং শ্রম আইনের প্রাসঙ্গিক বিষয়গুলো বিশ্লেষণ করে সিদ্ধান্ত নিতে হবে। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না, যা আইনবিরোধী হয় কিংবা পরবর্তী সময়ে আইনি প্রক্রিয়ায় বাতিল হওয়ার আশঙ্কা তৈরি করে।
নতুন মজুরি নির্ধারণের ক্ষেত্রে মূল্যস্ফীতি, নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজারদর, শ্রমিকদের জীবনযাত্রার ব্যয়, মালিকদের আর্থিক সক্ষমতা, ছোট ও মাঝারি কারখানার পরিস্থিতি এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের প্রতিযোগিতার সক্ষমতাসহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হচ্ছে।
বিভিন্ন শিল্পাঞ্চলের কারখানা পরিদর্শন
মজুরি নির্ধারণের বাস্তব চিত্র বুঝতে ঢাকা, সাভার, আশুলিয়া, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ বিভিন্ন শিল্পাঞ্চলে ছোট, মাঝারি ও বড় কারখানা পরিদর্শন করেছে বোর্ড। এসব পরিদর্শন থেকে সংগ্রহ করা তথ্য-উপাত্ত সোমবারের সভায় উপস্থাপন করা হয়েছে বলে জানান চেয়ারম্যান।
তিনি বলেন, মজুরি নির্ধারণে শ্রমিকদের ন্যায্য দাবি এবং মালিকপক্ষের সক্ষমতা; দুই দিকই বিবেচনা করতে হচ্ছে। একই সঙ্গে পোশাকশিল্পের টেকসই অগ্রগতির বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।
শ্রমিকরা তাদের ন্যায্য দাবি পাবেন কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্যতা নিশ্চিত করতে তিনি ও বোর্ডের অন্য সদস্যরা কাজ করছেন। চেয়ারম্যান হিসেবে তার আইনগত ক্ষমতার সর্বোচ্চ ব্যবহার করে আলোচনা এগিয়ে নেওয়া এবং সমঝোতায় পৌঁছানোর চেষ্টা করছেন।
দ্রুত চূড়ান্ত করার পরিকল্পনা
মজুরি নির্ধারণের প্রক্রিয়া দ্রুত শেষ করার চেষ্টা চলছে জানিয়ে সৈয়দ আজাদ সুবহানী বলেন, বোর্ডের পরবর্তী বা চতুর্থ সভা মঙ্গলবার অনুষ্ঠিত হতে পারে। প্রয়োজনে কয়েক ঘণ্টার ব্যবধানেও সভা আয়োজন করা হতে পারে। সোমবারের আলোচনা শেষে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
তিনি জানান, বোর্ডের আইনগত মেয়াদ আগামী ৩০ এপ্রিল পর্যন্ত থাকলেও এত দীর্ঘ সময় নেওয়ার প্রয়োজন নেই। যত দ্রুত সম্ভব আলোচনা শেষ করে মজুরি নির্ধারণের প্রক্রিয়া সম্পন্ন করতে চায় বোর্ড।
আগেরবারের তুলনায় কমসংখ্যক সভায় মজুরি নির্ধারণের প্রক্রিয়া শেষ করা সম্ভব হলে তা দেশের ইতিহাসে ব্যতিক্রমী ঘটনা হবে বলেও মন্তব্য করেন তিনি।
তবে চূড়ান্ত সুপারিশের পর গেজেট প্রকাশের আগে আইন অনুযায়ী সংশ্লিষ্ট পক্ষগুলোকে মতামত ও আপত্তি জানানোর জন্য ১৪ দিন সময় দিতে হবে বলে জানান বোর্ডের চেয়ারম্যান।