বিজ্ঞাপন
বিএনপিতে ফিরছেন কিনা, যা জানালেন রুমিন ফারাহানা
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:৩৯ পিএম
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের আংশিক) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন রুমিন ফারহানা। এখন ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপি থেকে বহিষ্কৃত বিজয়ী নেতাদের দলে ফেরানোর আলোচনা চলছে। এর মধ্যে রুমিন ফারহানাকে নিয়েও চলছে আলোচনা। এ অবস্থায় নিজের অবস্থান স্পষ্ট করেছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া পোস্টে বিষয়টি তুলে ধরেছেন রুমিন ফারহানা। তিনি জানান, বিএনপিতে ফেরার জন্য কোনও আবেদনই করেননি।
নিজের অবস্থান পরিষ্কার করে ফেসবুক পোস্টে রুমিন ফারহানা লিখেছেন, ‘অনেকেই অস্থির হয়ে জানতে চাচ্ছেন আমি দলে ফিরবো কিনা? তাদের জন্য খুবই বিনীতভাবে বলি, আমি বিএনপিতে ফেরার জন্য কখনোই কোনও আবেদন করি নাই। আমার কোনও কথা বা আচরণে আমি আবার বিএনপিতে ফিরবো, এমন মনে করার কোনও কারণ আছে বলেও মনে করি না। আল্লাহ আমাকে এখন যে অবস্থায় রেখেছেন তার জন্য আমার শুকরিয়ার শেষ নাই।’
প্রসঙ্গত, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন না পেয়ে বিএনপির ৮০-৮৫ জন নেতা ধানের শীষের বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হন। নির্বাচনে অংশ নেওয়ার কারণে তাদের বহিষ্কার করা হয়। তাদের মধ্যে সাতজন জয়ী হন। এই সাতজনের মধ্যে রুমিন ফারহানা অন্যতম। রুমিন বিএনপি থেকে বহিষ্কার হওয়ার আগ পর্যন্ত দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিলেন।
বিদ্রোহী প্রার্থীদের সমর্থন করায় তৃণমূলের আরও পাঁচ শতাধিক নেতাকে বহিষ্কার করে দলটি। পরে তাদের অধিকাংশই দলে ফেরার আবেদন করেন।