Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

ফল বিপর্যয়: কুমিল্লা বোর্ডের ৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০৬:০৫ পিএম

ফল বিপর্যয়: কুমিল্লা বোর্ডের ৭৯ শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ

বিজ্ঞাপন

চলতি বছরের এইচএসসি পরীক্ষায় ফল বিপর্যয়ের কারণে কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীন ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। এসব প্রতিষ্ঠানে পাসের হার ৩০ শতাংশের নিচে। একই সঙ্গে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের আগামীকাল ২৪ নভেম্বর বোর্ডের জরুরি সভায় সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

শোকজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে কুমিল্লার ৩১টি, নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার পাঁচটি এবং ফেনীর চারটি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। রোববার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ।

বোর্ডের পাঠানো চিঠিতে বলা হয়েছে, এইচএসসি পরীক্ষায় ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে না কেন, তার সুস্পষ্ট ব্যাখ্যাসহ লিখিত জবাব দিতে হবে। পাশাপাশি ২৪ নভেম্বর সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে অনুষ্ঠিতব্য সভায় বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্রসহ অধ্যক্ষদের উপস্থিত থাকতে বলা হয়েছে।

বোর্ড সূত্রে জানা গেছে, এ বছর কুমিল্লা শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৪৮ দশমিক ০৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।

জেলাভিত্তিক ফল বিশ্লেষণে দেখা যায়, কুমিল্লার ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে কম পাসের হার বাইড়া মো. আরিফ উচ্চ বিদ্যালয় ও কলেজে, ১১ দশমিক ১১ শতাংশ। এ ছাড়া মোহনপুর পাবলিক কলেজে ১২ দশমিক ৫০, হেসাখাল বাজার নঈম নিজাম ডিগ্রি কলেজে ১২ দশমিক ৬৪ এবং খোশবাস উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৩ দশমিক ৫১ শতাংশ।

নোয়াখালীর ১৫টি প্রতিষ্ঠানের মধ্যে থানারহাট মডেল হাই স্কুল অ্যান্ড কলেজে পাসের হার ১৩ দশমিক ৩৩ শতাংশ। খলিলুর রহমান ডিগ্রি কলেজে ১৪ দশমিক ৫৩ এবং বাঁধেরহাট আবদুল মালেক কলেজে ১৫ দশমিক ৫৬ শতাংশ।

চাঁদপুরের ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে পাসের হার সবচেয়ে কম, ১০ শতাংশ। লক্ষ্মীপুরের ১১টি প্রতিষ্ঠানের মধ্যে লক্ষ্মীপুর পৌর আইডিয়াল কলেজে পাসের হার ১০ দশমিক ০৮ শতাংশ। ব্রাহ্মণবাড়িয়ার মিয়া আবদুল্লাহ ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজে পাসের হার ১৯ দশমিক ৩৫ শতাংশ এবং ফেনীর খন্ডল বহুমুখী উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৪ দশমিক ২৯ শতাংশ।

এদিকে শোকজ পাওয়া কয়েকটি প্রতিষ্ঠানের অধ্যক্ষেরা নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ বছর প্রথমবারের মতো সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রশ্নপত্রের জটিলতায় শিক্ষার্থীদের পাশাপাশি শিক্ষকদেরও ভোগান্তিতে পড়তে হয়েছে। তাঁদের দাবি, অধিকাংশ প্রতিষ্ঠানে ইংরেজি, গণিত, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) এবং বিজ্ঞান বিষয়ে দক্ষ ও প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকের সংকট রয়েছে। এমন পরিস্থিতিতে জটিল প্রশ্নপত্রে ভালো ফল আশা করা কঠিন।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. আহসান পারভেজ বলেন, ফল বিপর্যয়ের কারণ জানতে সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের কাছে লিখিত জবাব চাওয়া হয়েছে। তাঁদের সঙ্গে সরাসরি কথা বলে পরিস্থিতি পর্যালোচনা করা হবে। কীভাবে ফলাফল আরও ভালো করা যায়, সে বিষয়ে সবার মতামত নেওয়া হবে। তবে কারও জবাব সন্তোষজনক না হলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার