বিজ্ঞাপন
শ্রমিক অসন্তোষে রণক্ষেত্র আশুলিয়া, টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
জাগো বাংলা প্রতিবেদন
প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ০২:৪০ পিএম
বিজ্ঞাপন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে সাভারের আশুলিয়ায় নিউ এইজ গ্রুপের কারখানার শ্রমিকদের বিক্ষোভ ও কর্মবিরতির ঘটনা ঘটেছে। এ সময় শ্রমিকদের একাংশ সড়ক অবরোধ করে একটি বাস ভাঙচুর করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এতে দৌড়াদৌড়ির সময় পড়ে গিয়ে তিন নারী শ্রমিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এছাড়া নিরাপত্তার স্বার্থে ওই এলাকার ২৮টি তৈরি পোশাক কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
সোমবার (২৩ নভেম্বর) সকাল থেকে আশুলিয়ার নিশ্চিন্তপুর ও জিরাবো এলাকার নিউ এইজ গার্মেন্টস, কাইলক নিউ এইজ বিডি লি. ও নিউ এইজ অ্যাপারেলসের শ্রমিকরা এই আন্দোলনে অংশ নেন।
শিল্প পুলিশ জানায়, আজ সকাল ৮টা থেকে নিউ এইজ গ্রুপের কারখানার শ্রমিকেরা শান্তিপূর্ণভাবে কারখানায় প্রবেশ করলেও ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে উৎপাদন বন্ধ রেখে ফ্লোরে অবস্থান নেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে সকাল ৮টা ৫০ মিনিটে কারখানা কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করলে শ্রমিকেরা বাইরে এসে জড়ো হন।
এ সময় শ্রমিকদের একটি অংশ কারখানার ১নং গেটের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন। ঠিক তখনই সাভার সরকারি কলেজের ছাত্রছাত্রীদের বহনকারী আলিফ পরিবহনের একটি বাস ওই এলাকা অতিক্রম করার সময় শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে উত্তেজিত শ্রমিকেরা বাসটির গ্লাস ভাঙচুর করেন এবং আশপাশের আল-মুসলিম গার্মেন্টস ও জেনারেশন সোয়েটার ফ্যাক্টরিতেও হাঙ্গামার চেষ্টা চালায়।
পরিস্থিতি অবনতির দিকে গেলে শিল্প পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়লে দৌড়াদৌড়ির সময় রাস্তায় পড়ে গিয়ে তিনজন নারী শ্রমিক আহত হন। পরে তাদের উদ্ধার করে চিকিৎসার জন্য নারী ও শিশু স্বাস্থ্য হাসপাতালে পাঠানো হয়।
এদিকে এই অপ্রীতিকর পরিস্থিতি ও উত্তেজনার জেরে নিরাপত্তার স্বার্থে নিউ এইজ গ্রুপের পার্শ্ববর্তী অনন্ত গার্মেন্টস, আল-মুসলিম অ্যাপারেলস ও ট্রাউজার লাইন লি.-এর কর্তৃপক্ষও সাধারণ ছুটি ঘোষণা করে।
আশুলিয়া শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, শ্রমিকদের বিক্ষোভের মুখে আশুলিয়া শিল্পাঞ্চলের ২৮টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি আরও তিনটি কারখানার শ্রমিকরা কাজে যোগ না দিয়ে উৎপাদন বন্ধ রেখেছেন। এছাড়া শ্রম আইনের ১৩(১) ধারায় আগে থেকেই ওই এলাকার ২২টি কারখানা বন্ধ রয়েছে। সব মিলিয়ে শিল্পাঞ্চলের মোট ৫০টি কারখানার উৎপাদন কার্যক্রম বর্তমানে বন্ধ রয়েছে বলে জানান তিনি।
বর্তমানে আশুলিয়া শিল্পাঞ্চলের ওই এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে বলে জানিয়েছে তিনি।