Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

স্বর্ণের দাম কমার কৃতিত্ব দাবি করলেন মোদি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৬, ১২:৫৯ এএম

স্বর্ণের দাম কমার কৃতিত্ব দাবি করলেন মোদি

বিজ্ঞাপন

ভারতে স্বর্ণের দাম কমার পেছনে নিজের অবদান আছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার দাবি, এক বছরের জন্য জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ না কেনার তার অনুরোধে নাগরিকরা সাড়া দিয়েছেন। এতে স্বর্ণের দাম কমে এসেছে। মানুষ এখন তাকে বলছেন, তিনি তাদের অর্থ বাঁচিয়ে দিয়েছেন। এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি।

শনিবার (২১ নভেম্বর) লক্ষ্ণৌর গোমতী নগরের ইন্দিরা গান্ধী প্রতিষ্ঠানে আয়োজিত পঞ্চম জাতীয় দক্ষতা সমাবর্তনে দেওয়া ভাষণে তিনি এই মন্তব্য করেন মোদি।

গত মে মাসের সেই আহ্বানের কথা স্মরণ করে নরেন্দ্র মোদি বলেন, ‘আমি দেশবাসীকে অনুরোধ করেছিলাম, এক বছরের জন্য খুব প্রয়োজন না হলে অনুগ্রহ করে স্বর্ণ কিনবেন না।’

এ সময় নিজের এই আহ্বানকে ১৯৬৫ সালে তীব্র খাদ্য সংকটের সময় তৎকালীন প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রীর একবেলা খাবার ত্যাগের আহ্বানের সঙ্গে তুলনা করেন তিনি।

মোদি বলেন, ‘সে সময় এই দেশ তার (শাস্ত্রীর) আহ্বানে সাড়া দিয়েছিল। আমার দেশের মানুষের মধ্যে এখনও সেই একই চরিত্র অটুট রয়েছে। আমার মতো একজন সাধারণ মানুষ স্বর্ণ কম কেনার অনুরোধ করেছিল এবং দেশবাসী স্বর্ণ কম কিনেছেন, যার ফলে স্বর্ণের দাম কমে গেছে।’

গুডরিটার্নসের তথ্য অনুযায়ী, গত কয়েক মাসে স্বর্ণের দামে বড় ধরনের পতন ঘটেছে। প্রধানমন্ত্রী মোদির আহ্বানের এক দিন আগে, অর্থাৎ গত ৯ মে দিল্লিতে ২৪ ক্যারেট স্বর্ণের দাম প্রতি গ্রামে ১৫ হাজার ২৫০ রুপি থাকলেও বর্তমানে তা কমে প্রতি গ্রাম ১২ হাজার ৫২৩ রুপিতে নেমে এসেছে।

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে অপরিশোধিত জ্বালানি তেলের দাম বেড়ে যাওয়ায় মে মাসে ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ চাপের মুখে পড়ে। সেই পরিস্থিতিতেই দেশবাসীকে স্বর্ণ ক্রয় এড়িয়ে চলার আহ্বান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদি।

সে সময় হায়দরাবাদের এক সমাবেশে প্রধানমন্ত্রী বলেছিলেন, ‘স্বর্ণ এমন একটি খাত, যেখানে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা ব্যয় হয়। জাতীয় স্বার্থে আমাদের এক বছরের জন্য স্বর্ণ না কেনার সংকল্প নিতে হবে।’

এ ছাড়া নাগরিকদের জ্বালানি ব্যবহার কমানো, ওয়ার্ক ফ্রম হোম, এবং বিদেশ ভ্রমণ কমানোরও অনুরোধ জানিয়েছিলেন। পরবর্তীতে সেপ্টেম্বরেও একই ধরনের এক আহ্বানে তিনি জরুরি প্রয়োজন ছাড়া স্বর্ণ কেনা থেকে বিরত থাকার অনুরোধ পুনর্ব্যক্ত করেন।

এদিকে প্রযুক্তি খাতের শেয়ারবাজারে ব্যাপক দরপতন, বৈশ্বিক প্রবৃদ্ধি নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগ ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার আরও বাড়ানোর জোরালো প্রত্যাশায় মার্কিন বাজারে স্বর্ণ ও রুপার দামে বড় ধরনের পতন হয়েছে।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার