Logo
Logo
×

বিজ্ঞাপন

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ আটক ৩

Icon

জাগো বাংলা প্রতিবেদন

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:১৮ এএম

শাহজালাল বিমানবন্দরে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ আটক ৩

বিজ্ঞাপন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ৭ কেজি ৫০০ গ্রাম (৬৪৩ ভরি) স্বর্ণের পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

শনিবার (২১ নভেম্বর) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন- মুন্সিগঞ্জের মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার মো. শাওন (৩৯)।

এয়ারপোর্ট এপিবিএন জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালানোর সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন ওই তিনজন। পরে তাদের আটক করে এপিবিএন কার্যালয়ে নেওয়া হয়। সেখানে ইয়াছিন আরাফাত সৌরভের দেহ তল্লাশি করে কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। পরে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণে সেগুলো ২৪ ক্যারেটের স্বর্ণের পেস্ট বলে শনাক্ত হয়। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, আটক ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে স্বর্ণ এনে অন্য দুইজনসহ বাংলাদেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করে আসছিলেন তারা। আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে তথ্য পাওয়া গেছে।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫ডি ধারায় বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার (অতিরিক্ত ডিআইজি) মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে একটি চক্র পেস্ট আকারে স্বর্ণ চোরাচালানের চেষ্টা করছে বলে গোয়েন্দা তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। পরে অভিযান চালিয়ে ৭ কেজি ৫০০ গ্রাম স্বর্ণের পেস্টসহ চক্রের তিন সদস্যকে আটক করা হয়েছে।

চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্তে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে বলেও জানান তিনি।

Logo

সম্পাদক ও প্রকাশক: মহিউদ্দিন সরকার